সাভার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক র্যাবের ধাওয়া খেয়ে পালানোর সময় এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ট্রাকটি আটক করে ১২শ' বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার আমিন বাজার ট্রাক টার্মিনালের সামনে এ ঘটনায় নিহত সাব্বির (৩০) সাভারের বড়দেশী এলাকার আবুল খায়েরের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বাছিরুল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ফেনসিডিল বোঝাই একটি ট্রাককে (ঢাকা-মেট্রো-ড-৬০৩) ধাওয়া করে র্যাব-৪ সদস্যরা। বেলা ১১টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারে ট্রাক টার্মিনালের সামনে পথচারী সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, পরে র্যাব সদস্যরা ট্রাকটি আটক করেন। তারা তল্লাশি চালিয়ে ওই ট্রাক থেকে উদ্ধার করেন ১২শ' ফেনসিডিল। এ সময় দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।
এসআই মীর বাছির জানান, ট্রাক ও আটককৃত দেলোয়ারকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানা এনেছে।
র্যাব-৪ সদর দপ্তরের লেফটেন্যান্ট মহিউদ্দিন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ধাওয়া করে ট্রাক থেকে ১২শ' বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে।"
দেলোয়ার হোসেন এই ফেনসিডিল নিয়ে আসছিলেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/১৯১৬ ঘ.
bdnews24