২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন তাঁতি দলের তপন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান তপন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান তপন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান তপন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে বলেন, "দলের মনোনয়নের জন্য একটি প্রক্রিয়া থাকে। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের নেত্রীর কাছে আমার প্রার্থিতার দাবি পৌঁছাতে চাই। দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে আমিও নির্বাচন করব। দল না গেলে আমিও নির্বাচনে যাব না।" সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত বলে স্থানীয়ভাবে কেউ কেউ মনে করছে জানিয়ে তিনি বলেন, "তবে দলীয় সিদ্ধান্তই আমি গ্রহণ করব। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া আপোষহীনতার প্রমাণ দিয়েছিলেন। এবারো দল ও নেত্রীর সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত।" সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান-আরাফাত রহমানের মুক্তি ও সুচিকিৎসাসহ সব রাজবন্দীর মুক্তি দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি রাজা হারুন অর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাফিজুল হক গোলাপ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী বাবুলসহ বরিশাল জেলা বিএনপির নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৮১০ ঘ.