২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বাড়ি ও ২৫০ একর জমি পদ্মায় বিলীন

পদ্মার ভাঙনে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামের মো. মহসিন আলীর (৬০) ২৫ বিঘা জমি আগেই নদী গর্ভে গেছে। এ বছর তার শেষ সম্বল ৫ বিঘা জমিও নিয়ে গেছে নদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙনে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামের মো. মহসিন আলীর (৬০) ২৫ বিঘা জমি আগেই নদী গর্ভে গেছে। এ বছর তার শেষ সম্বল ৫ বিঘা জমিও নিয়ে গেছে নদী। একইভাবে নারায়ণপুর ইউনিয়নের সুর্যনারায়নপুর গ্রামের মুনিরুল ইসলাম, কালুমুদ্দিন, আফজাল হোসেন ও মোস্তফার বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে কয়েক দিন আগে। তারা আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এদের মত অবস্থা ওই এলাকার কয়েকশ' মানুষের। পদ্মার তীব্র ভাঙনে সদর উপজেলার সুন্দরপুর, নারায়ণপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক বাড়ি, প্রায় তিন'শ বিঘা ফসলী জমি নিশ্চিহ্ন হয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার হাজার মানুষের দিন কাটছে আতঙ্কের মধ্যে। ভাঙন কবলিত গ্রামগুলো হল- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর, মহারাজনগর, নবাবজাইগীর, মন্নাপাড়া, নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী। রোববার সরেজমিন ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, চন্দ্রনারায়ণপুর গ্রামের অনেকেই বাড়ি-ঘর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। ওই এলাকার ৩৫ বছরের পুরনো জামে মসজিদটির ইট, জানালা, দরোজা রক্ষা করতে ভেঙ্গে ফেলা হয়েছে। সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চন্দ্রনারায়ণপুর, বাখেরআলী, সুর্যনারায়ণপুর, আলীনগর, নবাবজাইগীর গ্রামের প্রায় তিন'শ বাড়ি, কয়েকশ' বিঘা ফসলী জমি নদী গর্ভে চলে গেছে।" সাত্তার মাষ্টার (৬০) বলেন, "আমার ১৫ বিঘা জমির মধ্যে দ্ইু বিঘা জমি বাকি ছিল, এবছর তাও নদী নিয়ে গেছে।" নবাবজাইগীর গ্রামের সফিকুল ইসলাম বলেন, "স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে দিন কাটছে আশঙ্কার মধ্য দিয়ে।" তারা জানান, পদ্মার ভাঙনে কয়েক হাজার বাড়ি-ঘর, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একটি ইউনিয়ন, স্বাস্থ্য কেন্দ্র, একটি বন্যা আশ্রয় কেন্দ্র, কয়েকটি হাটসহ বহু স্থাপনা হুমকির মুখে পড়েছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা জানান, ভাঙন কবলিত এলাকার লোকজনের তালিকা এখনও তারা পাননি। তালিকা পেলে তাদের সহযোগিতা করা হবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলার নারায়ণপুর, সুন্দরপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু গ্রামে ইতোমধ্যে পদ্মায় ভাঙন শুরু হয়েছে। হুমকির মধ্যে রয়েছে আলাতুলী ইউনিয়নের কিছু গ্রাম।" তিনি জানান, শতাধিক বাড়ি-ঘর, ৩টি মসজিদ ও প্রায় ৫'শ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে। লোকজন নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তালিকা দিলে আশ্রয়হীন মানুষদের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান। বাংলাদেশ পানি উন্নয়ন বোড চাঁপাইনবাবগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল হামিদ জানান, পদ্মা নদীর ভাঙ্গন থেকে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ২৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ২৯০ মিটার নদী তীর সংরক্ষণের কাজ চলছে। তবে এ প্রকল্প হাতে নেওয়ার আগে সদর উপজেলার সুন্দরপুর, নারায়ণপুর ও চরবাগডাঙ্গার কয়েকটি গ্রামে ভাঙ্গন দেখা দেয়নি বলে এসব এলাকা প্রকল্পভুক্ত করা হয়নি। তিনি জানান, এসব এলাকায় ভাঙন দেখা দেওয়ায় প্রকল্প সংশোধন করে এসব এলাকাকে অন্তর্ভুক্ত করতে অথবা আরেকটি প্রকল্পের গ্রহণে অর্থ বরাদ্দের জন্য ১৫ জুন পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.