২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগের সত্যতা মিলেছে

পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ডেস্কে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন ফারুকীর বিরুদ্ধে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক থাই নাগরিকের মোবাইল ফোন চুরির অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এজন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ডেস্কে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন ফারুকীর বিরুদ্ধে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক থাই নাগরিকের মোবাইল ফোন চুরির অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এজন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। থাইল্যান্ডের নাগরিক পিয়াথ সারাপক ডি কস্তা শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মহিউদ্দীন ফারুকীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ আনেন। ডি কস্তা ও মহিউদ্দীন একই উড়োজাহাজে করে থাইল্যান্ড থেকে সকালে জিয়ায় নামেন। ইন্টারপোলের একটি সেমিনারে যোগ দিতে মহিউদ্দীন ব্যাংকক গিয়েছিলেন। উপ-পুলিশ কমিশনার (উত্তরা) খন্দকার রফিকুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ রয়েছে।" প্রতিবেদনটি শনিবার দুপুরে পুলিশ কমিশনারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেদন পাওয়ার পর প্রাথমিক ব্যবস্থা হিসাবে আমরা মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। রাষ্ট্রপতি তার নিয়োগ কর্তৃপক্ষ হওয়ায় তিনিই মহিউদ্দিন ফারুকীর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএ/২১৩২ ঘ.