রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ৯টায় তিন দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে নীতিমালা প্রণয়নে এ সম্মেলন অগ্রণী ভূমিকা রাখবে। দেশকে এগিয়ে নিতে হলে তথ্য প্রযুক্তিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।"
বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি খাতে উন্নয়নের বিকল্প নেই বলে তিনি মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করেন।
ভারত, নেপাল, কোরিয়া জাপান, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০০ গবেষক, বিজ্ঞানী ও পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।
প্রথম দিন সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোজাফফর হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভূঁইয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. মোজাম্মেল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24