২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বন্দরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এক বিদেশি যাত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এক বিদেশি যাত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে। পিয়াথ সারাপক ডি কস্তা নামে থাইল্যান্ডের নাগরিকটি এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক ব্যাংককে ইন্টারপোলের একটি সেমিনার শেষে শুক্রবার বিমানবন্দরে নামার পরপরই পিয়াথ সারাপক তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। এক পর্যায়ে ফারুকের পকেট থেকেই ফোনটি উদ্ধার করা হয়। বিমানবন্দর থানা পুলিশ মহিউদ্দিন ফারুককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে। থাই নাগরিক পিয়াথ সারাপকের স্বামী একজন বাংলাদেশী। ঘটনার সময় তিনিও উপস্থিত ছিলেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিয়াথ সারাপক ডি কস্তা মোবাইল ফোন চুরির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি প্রতিবেদন দেয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনার সময় বিমানবন্দরে দায়িত্বরত একজন গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে থাই এয়ারলাইনসের উড়োজাহাজে ব্যাংকক থেকে আসা যাত্রীরা বেল্ট থেকে মালামাল নেয়ার সময় পিয়াথ সারাপক তার পাশে দাঁড়ানো মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলে। এক পর্যায়ে ওই মহিলা যাত্রী ফারুককে চড় দিলে গোটা বিমানবন্দর হুলুস্থুল পড়ে যায়। এ সময় দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। খোঁজ খবর নিয়ে তারা নিশ্চিত হন যে মহিউদ্দিন ফারুক ইন্টারপোলের পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ শাখার 'ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো' ডেস্কে কর্মরত আছেন। গোয়েন্দা কর্মকর্তাদের চাপের মুখে ফারুক শেষ পর্যন্ত নিজের প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে দেন। মহা পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি শুনেছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১১৮ ঘ.