ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি র্যাবের 'ক্রসফায়ারে' নিহত নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) প্রধান তপন মালিথার ছোট ভাই গোলাম হোসেন আকাশ ওরফে কইট্টা আকাশ শুক্রবার ভোররাতে কুষ্টিয়ায় র্যাবের 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন।
একই ঘটনায় আরও এক 'চরমপন্থী' নেতা টিক্কা বাহিনীর প্রধান আব্দুর রশীদ ওরফে টিক্কাও র্যাবের গুলিতে নিহত হয়েছেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় একে-৫৬ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও র্যাব কর্মকর্তারা দাবি করেছেন।
এর আগে 'জনযুদ্ধের অস্ত্র ভাণ্ডার এবং দলের সদস্যদের অবস্থান' জানার জন্য র্যাব আকাশকে সাত দিনের রিমান্ডে নেয়।
র্যাব সদর দপ্তরের মুখপাত্র আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাত ৩টার দিকে র্যাব-১২ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি যৌথদল তাকে নিয়ে জেলার খোকসা উপজেলার গনেশপুর গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা গনেশপুর গ্রামের ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে ৭/৮ সন্ত্রাসী র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে আকাশ পালানোর চেষ্টা করলে 'ক্রসফায়ারে' পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়। প্রায় আধা ঘণ্ট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশীদ ওরফে টিক্কার লাশ পড়ে থাকতে দেখে।"
র্যাব ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক একে-৫৬ রাইফেল, একটি থ্রি-নট-থ্রি রাইফেল, ২টি ডিবিবিএল গান এবং একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে বলে আবুল কালাম জানান।
তিনি বলেন, "এ ঘটনায় র্যাবের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ, সিপাহী আনোয়ার হোসেন এবং কনস্টেবল মাসুম বিল্লাহ আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।"
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মেজর পদবীর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকাশের তথ্য অনুযায়ী জনযুদ্ধের সদস্যদের আটক এবং গোলাবারুদ উদ্ধারের জন্য আমরা প্রথমে গনেশপুর গ্রামের কয়েকটি বাড়িতে তল্লাশি চালাই। কিন্তু সেখানে কাউকে না পেয়ে ফিরে যাওয়ার সময় ঈদগাহ মাঠের ভেতর আমরা ৭/৮ জন সন্দেহভাজন যুবককে বসে থাকতে দেখি। ওই যুবকদের চ্যালেঞ্জ করা হলে তারা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। আমরাও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমরা সেখানে তল্লাশি চালিয়ে টিক্কা এবং আকাশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখি।"
ওই কর্মকর্তা আরও বলেন, "তপনের মৃত্যুর পর একমাত্র আকাশই ছিল জনযুদ্ধের সম্ভাব্য উত্তরসূরি। কিন্তু আকাশ এবং টিক্কার মৃত্যুর পর জনযুদ্ধের পক্ষে আর সংগঠিত হওয়ার কোনও সম্ভাবনাই থাকলো না।"
এর মধ্য দিয়ে এ অঞ্চলে জনযুদ্ধের সশস্ত্র কর্মকাণ্ডের অধ্যায়ের সমাপ্তি ঘটলো বলেও ওই কর্মকর্তা দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, আকাশ ঝিনাইদহের গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালি গ্রামের ইবাদত মালিথার ছেলে। আর টিক্কার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে। টিক্কার বাড়ির পাশেই 'ক্রসফায়ারের' ঘটনাটি ঘটেছে।
শুক্রবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-১২ এর কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদ জানান, আকাশ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সমন্বয়ক ছিল। দাদা তপনের নির্দেশে সে দলের সদস্যদের পরিচালনা করতো।
কুষ্টিয়ার পুলিশ সুপার মুসলেহ উদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, টিক্কা ছিল চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে কুষ্টিয়া, কুমারখালী ও খোকসা থানায় হত্যার অভিযোগসহ অর্ধ ডজন মামলা রয়েছে।
তপনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন জেলায় ২৩টি হত্যাসহ কমপক্ষে ৩৩ মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে গত ১৮ জুন ভোর রাতে কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী গ্রামের একটি বাড়িতে র্যাবের 'ক্রসফায়ারে' দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে দুধর্ষ ও শীর্ষ চরমপন্থী নেতা পূর্ব বাংলার কমিউন্সিট পার্টি (এমএল-জনযুদ্ধ) প্রধান আব্দুর রশীদ মালিথা ওরফে তপন মালিথা ওরফে দাদা তপন নিহত হন। একই ঘটনায় তপনের ঘনিষ্ঠ সহযোগী রিক্তাও নিহত হয়।
ওই ঘটনার কিছুসময় আগে র্যাব ওই এলাকারই একটি বাড়ি থেকে তপনের ছোট ভাই আকাশকে গ্রেপ্তার করে। র্যাব তখন দুই ভায়ের বাড়ি থেকে একটি- ৪৭ রাইফেল, তিনটি পিস্তল, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের প্রায় দেড় হাজার গুলি এবং জনযুদ্ধের বিপুল পরিমাণ প্রচারপত্র ও পোস্টার উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/জিএনএ/এমআই/১২১৫ ঘ.
bdnews24