সাতক্ষীরা, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামে বৃহস্পতিবার কুড়িয়ে পাওয়া কৌটা খোলার সময় বিষ্ফোরণে একই পরিবারের চার নারী আহত হয়েছেন। এর মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন-গ্রামের নিরঞ্জন সরকারের স্ত্রী ক্ষ্যান্ত রানী (৫৫), তার দুই মেয়ে বিজলী (২০) ও সবিতা (২৪) এবং ছেলের বউ অনিতা (২০)। এদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, নিরঞ্জন সরকারের স্ত্রী ক্ষ্যান্ত রানী বাড়ির পাশে খড়িয়াডাঙ্গা বিলে মাছ ধরার সময় একটি কৌটা পান। পরে ওই কৌটাটি বাড়ি এনে খুলতে গেলে সঙ্গে সঙ্গে বিষ্ফোরণ ঘটে।
এতে ক্ষ্যান্ত রানীসহ এই চারজন আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24