ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলে এবার সবার শীর্ষে অবস্থান করছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষা প্রতিষ্ঠানটি জিপিএ- ৫ এবং উত্তীর্ণের হার- দুই দিক থেকেই এগিয়ে রয়েছে। স্কুলটির ৭৬৭ শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। গতবারের তুলনায় এ সংখ্যা ২৪০ বেশি। উত্তীর্ণের হার শতভাগ, গতবারের তুলনায় বেশি শূন্য দশমিক ১২ শতাংশ।
গতবার সারাদেশের ফল বিচারে স্কুলটি দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার তারা রয়েছে সবার আগে।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশিদা বেগম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ এবং কঠোর নিয়মনুবর্তিতা ভালো ফলাফলের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে।"
অবেগাআপ্লুত অধ্যক্ষ্য বলেন, "শুধু কঠোর নিয়ম-শৃঙ্খলাই নয়, আমরা শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে তাদের অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করি। এতে করে একজন শিক্ষার্থী ইচ্ছে করলেও পড়াশোনায় ফাঁকি দিতে পারে না। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দক্ষ পরিচালনা, অন্য সদস্যদের আন্তরিক সহযোগিতা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রয়াসের কারণেই এত ভালো ফল হয়েছে বলে আমি মনে করি।"
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান জিয়াউল কবির দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে নিবিড় যোগাযোগই ভালো ফলাফল অর্জনের নেপথ্যে ভূমিকা রেখেছে।"
এ প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী হুমায়ারা আমিন নীশিত বলেন, "ভালো ফলাফলের পেছনে আমার বাবা-মা এবং শিক্ষকদের অনুপ্রেরণা ভূমিকা রেখেছে। শিক্ষকরা পরীক্ষার আগে আমাদের জন্য অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেটি আমাদের বেশ উপকারে এসেছে।"
প্রতিদিন গভীর মনযোগ দিয়ে দুই ঘণ্টা লেখাপড়া করলেই ভালো ফল করা সম্ভব বলে মনে করেন নীশিত।
বাণিজ্য বিভাগ থেকে ইংরেজি মাধ্যমে জিপিএ- ৫ পেয়েছেন দুই সহোদর মঞ্জুর হোসেন মোল্লা ও মইনুল হোসেন মোল্লা। ফল জানতে তাদের সঙ্গে স্কুলে এসেছিলেন বাবা হাজী মীর হোসেন মোল্লা। দুই ছেলের ভালো ফলাফলে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। একপর্যায়ে ছেলেদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।
মীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তারপরই ধন্যবাদ প্রাপ্য স্কুলের শিক্ষকদের।"
মঞ্জুর হোসেন ও মইনুল হোসেন জানান, ভালো ফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকার পাশাপাশি তারা প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা পড়াশোনা করেছেন। গণিতের জন্য বাড়িতে একজন প্রাইভেট টিউটর ছিলেন। ফলাফলের পেছনে তারও অনেক ভূমিকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১২৯ ঘ.
bdnews24