ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন ও পরিচয়পত্র সংগ্রহের জন্য নগরীতে ১৪টি 'সার্ভার কক্ষ' খোলা হয়েছে। আগামী জুলাই মাস পর্যন্ত সেখানে যোগাযোগ করে ত্র"টি সংশোধন ও যারা এখনো পরিচয়পত্র পাননি তারা তা সংগ্রহ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে একথা জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই পর্যন্ত প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকাল ৫টা এবং শুক্রবার সকাল ৯টা-দুপুর ১২টা পর্যন্ত নগরীর ১৪টি 'সার্ভার কক্ষ' খোলা থাকবে। এ সময়ে ঢাকা সিটি কর্পোরেশন এবং সংলগ্ন সার্কেল ইউনিয়নগুলোর অধিবাসীরা জাতীয় পরিচয়পত্রের ত্র"টি সংশোধন এবং পরিচপত্র পাওয়ার জন্য যোগাযোগ করা হলে সহযোগিতা করা হবে।
সার্ভার কক্ষগুলো হচ্ছে- সায়েন্স ল্যাবরেটরি সেনা ক্যাম্প, লালবাগ আর্মি ক্যাম্প (মডেল স্কুল অ্যান্ড কলেজ); খিলগাঁও সেনা ক্যাম্প, মহাখালী কমিউনিটি সেন্টার, তেজগাঁও সেনা ক্যাম্প (এমপি হোস্টেল), মীরপুর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর সিটি কলেজ, সূত্রাপুর ওয়ারী আব্দুর রহিম কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ি পঞ্চায়েত কমিউনিটি সেন্টার, সবুজবাগ কমিউনিটি সেন্টার, মতিঝিল এজিবি কলোনি ক্লাব, হাজী ক্যাম্প (উত্তরা), আর্মি স্টেডিয়াম (বনানী), সেনপাড়া আদর্শ বিদ্যালয় এবং বনানী কমিউনিটি সেন্টার (১০ সিগন্যাল ব্যাটালিয়ান)।
যাত্রাবাড়ির পঞ্চায়েত কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে সেখানে দায়িত্বরত এক জন সৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রাবাড়ি-শ্যামপুর থানার ৮৩-৯০ ওয়ার্ডের অধীন জাতীয় পরিচয়পত্র বিতরণ ও সংশোধন সংক্রান্ত বিষয়ে কাজ চলছে। এ সংক্রান্ত সমস্যা নিয়ে তাদের কাছে গেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিরপুরে সার্ভার কক্ষে দায়িত্বরত কর্পোরাল মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারও পরিচয়পত্রে ত্র"টি কিংবা পেতে দেরি হলে আমাদের কাছে জানালেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
গত ২৮ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না।
আর পরিচয়পত্রের ভুলের বিষয়ে বলা হয়েছিল, ভুল থাকলে আগামী বছর তা সংশোধন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৮৪৫ঘ.
bdnews24