ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরের সাতটি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর ৯৭ দশমিক ২৫ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১২ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৫৫ জন। (আরো তথ্যসহ)
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংব্দা সম্মেলনে এই তথ্য উপস্থাপন করা হয়।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ৫৫ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
ওই দেশেরই রিয়াদে বাংলাদেশ দূতাবাস স্কুলের ৭২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭০ জন। ২৪ জন পেয়েছেন জিপিএ-৫। পাসের হার ৯৭ দশমিক ২২।
লিবিয়ার ত্রিপোলীতে বাংলাদেশ কমিউনিটি স্কুলে ১০ জনের মধ্যে ৯ জন উত্তীর্ণ হয়েছেন। কেউ জিপিএ- ৫ পাননি। পাসের হার ৯০।
কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ মাশহুর উল হক মেমোরিয়াল হাই স্কুল থেকে ৩৩ জন শিক্ষার্থীর সবাই এসএসসিতে পাশ করেছেন। জিপিএ--৫ পেয়েছেন পাঁচজন।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল থেকে অংশ নেওয়া ২২ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। নয় জন জিপিএ- ৫ পেয়েছেন। আবুধাবির বাংলাদেশ ইসলামী স্কুল থেকে অংশ নেওয়া ১১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন নয় জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন।
বাহরাইনের বাংলাদেশ স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯৪ দশমিক ৪৪। কেউ জিপিএ-৫ পান নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএআর/এমএ/
bdnews24