২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণ ৮২.০৬ শতাংশ

চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৮২ দশমিক ০৬ শতাংশ। অংশগ্রহণকারী ১ লাখ ৮০ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৮৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৮২ দশমিক ০৬ শতাংশ। অংশগ্রহণকারী ১ লাখ ৮০ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৮৬ জন। বৃহস্পতিবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলে দেখা গেছে, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৪ হাজার ১৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ৫৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৮৬ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে পাঁচ দশমিক ৮৩ শতাংশ বা ১০ হাজার ৫২৬ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রসংখ্যা আট হাজার ৩ এবং ছাত্রী দু'হাজার ৫২৩ জন। জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা হিসেবে সেরা প্রতিষ্ঠানের তালিকার প্রথমে আছে গাজীপুরের (টঙ্গী) তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সেখানে ১৪০ পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ ৫ পেয়েছে ১২৬ শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে থাকা ঝালকাটি এন এস কামিল মাদ্রাসায় উত্তীর্ণের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন। সারাদেশে এবার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৪ পেয়েছে ২৫ দশমিক ৭৭ শতাংশ, জিপিএ ৩.৫ পেয়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ, জিপিএ ৩ পেয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ, জিপিএ ২ পেয়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ ১ পেয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। মাদ্রাসা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থানে আছে ঢাকার (ডেমরা) তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সেখানে উত্তীর্ণ হয়েছে ৯৬ দশমিক ৯৩ শতাংশ পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তর সংখ্যা ১০২। শতাভাগ শিক্ষাথী উত্তীর্ণ হলেও ৮৬ জন জিপিএ ৫ পাওয়ায় চতুর্থ স্থানে আছে নরসিংদীর (সদর) জামিয়া ই কাশেমিয়া কামিল মাদ্রাসা। এছাড়া, ৬৬ জন জিপিএ ৫ পাওয়ায় চট্টগ্রামের (ডবলমুারং) বাউতুশ শরফ আইয়িাল কামিল মাদ্রাসা পঞ্চম স্থানে, ৬১ জিপিএ ৫ নিয়ে ঢাকার (ডেমরা) দ্বারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ষষ্ঠ স্থানে, ৫৫ টি জিপিএ ৫ নিয়ে চট্টগ্রামের (পাঁচলাইশ) জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সপ্তম স্থানে, ৪৫ টি জিপিএ ৫ নিয়ে পিরোজপুরের (স্বরূপকাঠি) নেছারাবাদ চরসিনা দ্বারুস ছুন্নাত কামিল মাদ্রাসা অষ্টম স্থানে, ৩৯ জন জিপিএ ৫ পাওয়ায় রংপুরের (সদর) ধাপ সাতগরা বাইতুল মোকাররম কামিল মাদ্রাসা নবম স্থানে এবং ৩৭ টি জিপিএ ৫ নিয়ে ফেনীর (সদর) আল জামিয়াতুল ফালেহিয়া কামিল মাদ্রাসা দশম স্থানে রয়েছে। ঢাকার মাদ্রাসা-ই আলীয়ার হেড মাওলানা প্রফেসর মোহাম্মদ কসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে চার জন। তিনি বলেন, "সার্বিকভাবে মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রতিবছর ভালো হচ্ছে। সামনেও এমন অবস্থা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৯২৯ ঘ.