২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুকের বিরুদ্ধে দুদকের মামলা

বেসরকারী সংস্থা প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারী সংস্থা প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। রোববার বিকেলে দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় এ মামলা করেন। মামলায় কাজী ফারুকের ছেলে কাজী রুবায়েত আহম্মেদ এবং প্রশিকার কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে আসামি করা হয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে কাজী ফারুকের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে প্রশিকা কম্পিউটার সিস্টেম ট্রাস্টের এক কোটি তিন লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। আর এ কাজে সহায়তার জন্য তার ছেলে কাজী রুবায়েত এবং প্রশিকা কর্মকর্তা মতিউর রহমানকেও আসামি করা হয়েছে। আসামিরা বিভিন্ন তারিখে ব্যাংক চেকের মাধ্যমে এ টাকা আত্মসাত করেন। মুদ্রা পাচার (মানি লন্ডারিং) আইন এবং জরুরি ক্ষমতা অধ্যাদেশে মামলাটি করা হয়েছে। দুদক নিজেই মামলাটি তদন্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩৫০ ঘ.