ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় আদালত মুলতবি করেন।
হাসিনার পক্ষে মামলাটি বাতিলের আবেদন জানানো হলে গত বৃহস্পতিবার বিশেষ জজ আদালতের নথি তলব করে হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এই নথি তলব করেন।
রোববার আদালত শুরু হলে হাসিনার আইনজীবীরা নথি তলবের বিষয়টি আদালতে তুলে ধরে আদালত মুলতবির আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে আদালতকে বলেন,"উচ্চ আদালতের নথি চাওয়া সংক্রান্ত আদেশের কপিতে কি লেখা আছে সেটা না দেখে আদালত মুলতবি করা ঠিক হবে না।"
এ অবস্থায় বিচারক বলেন, "আগামী ২৫ জুন নথি দেখে পরবর্তী কার্যক্রম বিষয়ে আদেশ দেওয়া হবে।"
এদিন মামলার দুই আসামি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
হাসিনার পক্ষে অ্যাডভোটেক সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১০৫৯ ঘ.
bdnews24