চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়তলীসহ চট্টগ্রামের সব বধ্যভূমি সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে শনিবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে '৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন পরিষদ'।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "মুক্তিযুদ্ধের পক্ষের সকল নাগরিক ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে পাহাড়তলী বধ্যভূমি কেউ দখল করে রাখতে পারবে না।"
চট্টগ্রামসহ দেশের বধ্যভূমিগুলোর জমি ব্যক্তি মালিকানাধীন হলেও তা ইতিহাসের অংশ উল্লেখ করে তিনি বলেন, "শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদ ও নাগরিকদের উদ্যোগী হতে হবে।"
বধ্যভূমির জমিতে ভবন নির্মাণ করায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ডা. নুরুল ইসলামকে 'জাতীয় ভণ্ড' আখ্যায়িত করেন মুনতাসীর মামুন। তিনি বলেন, "এই ব্যক্তি কখনও বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হতে পারেন না।"
অধ্যাপক ড. গাজী সালেহউদ্দীনের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদ, এম এ সালাম, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, সিপিবির মৃণাল চৌধুরী, জাসদের ইন্দু নন্দন দত্ত, ওয়াকার্স পার্টির অ্যাডভোকেট আবু হানিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল, অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী প্রমুখ।
এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বোধন আবৃত্তি পরিষদ, বিজ্ঞান চেতনা পাঠাগার, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, প্রজন্ম '৭১ সহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
নগরীর খুলশী থানাধানী ফয়েজ লেক সংলগ্ন এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বধ্যভূমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/২২২৭ ঘ.
bdnews24