ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর গোলার্ধের দীর্ঘতম দিনটি ছিল শনিবার। 'কর্কটক্রান্তি দিবস' হিসেবে পরিচিত এ দিনে কর্কটক্রান্তি রেখা বরাবর অঞ্চলে দিনের পরিধি পৌঁছায় ১২ ঘণ্টা ৩৮ মিনিটে। সেখানে মাঝদুপুরে মাটিতে পুঁতে রাখা লাঠি রয়ে যায় একেবারে ছায়াহীন।
কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করায় এদেশেও দীর্ঘতম দিন ২১ জুন।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ২১ জুন অবস্থাটি অবশ্য একেবারেই বিপরীত। সেখানে সবচেয়ে ছোট দিনটি ছিল শনিবার।
কর্কটক্রন্তি দিবসে দেশের কয়েকটি এলাকায় বিজ্ঞান উৎসব ও আকাশ পর্যবেক্ষণের আয়োজন করে বিজ্ঞান সংগঠন 'অনুসন্ধিৎসু চক্র'।
সংগঠনের অনুসন্ধিৎসু চক্রের জ্যোর্তিবিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনটিতে তাদের সবচেয়ে বড় আয়োজন ছিল বান্দরবানের রুমা উপজেলায়। সেখানে বম অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রায় দেড় হাজার পাহাড়ি সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করে। এছাড়া, ঢাকা ও পঞ্চগড়েও আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প করেছে অনুসন্ধিৎসু চক্র।
প্রতিবছর ২১ জুন বেলা ১২টার সময় পৃথিবীর কর্কটক্রান্তি অঞ্চলে ভূমির সাপেক্ষে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে সূর্য। এ সময় ঠিক লম্বভাবে সূর্যকিরণ আসে ওই অঞ্চলে।
উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে ২১ জুনকে 'সামার সোলসৃটিস' হিসেবেও পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/এসএনডি/২১১৭ ঘ.
bdnews24