ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা শনিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে জাতীয় নির্বাচনী আইনের সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির তার সঙ্গে ছিলেন।
সাখাওয়াত হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "জাতীয় নির্বাচনী আইনের সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। প্রস্তাবিত নির্বাচনী আইন ও বিধি'র (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮, রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা ও নির্বাচনী আচরণ বিধিমালা- ২০০৮) বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেছি আমরা।"
নির্বাচন কমিশন গত মে মাসের প্রথম সপ্তাহে এ তিনটি নির্বাচনী আইন ও বিধির খসড়া চূড়ান্ত করে। গত ১২ মে এই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।
ওই মাসেই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, জুনের মধ্যেই অধ্যাদেশটি জারি হতে পারে।
নির্বাচন কমিশন গত শুক্রবার জাতীয় নির্বাচনের আগেই চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণের জন্য সময়সূচি ঘোষণা করে।
ঘোষিত সময়সূচি বা তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩ জুলাই, যাচাই-বাছাই ৬/৭ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই। ৪ আগস্ট এসব সিটি ও পৌরসভায় একযোগে ভোটগ্রহণ করা হবে।
প্রার্থীদের প্রচার কাজের সুবিধার্থে আগামী ১৪ জুলাই থেকে নির্বাচনী এলাকাগুলোতে জরুরি অবস্থা শিথিল করারও ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার তফসিল ঘোষণার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএ/২০৩১ ঘ.
bdnews24