২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় পানি বেড়ে নীলফামারীর ২৩ গ্রাম প্লাবিত

উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর দুটি উপজেলার ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। লোকজন ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

নীলফামারী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর দুটি উপজেলার ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। লোকজন ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে। পানির চাপে ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামে নির্মাণাধীন ৬ নম্বর গ্রোয়েন বাঁধের প্রায় ৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ও পাথর ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে শনিবার বিকেলের দিকে পানি বিপদ সীমার নিচে নেমে আসে। এ পয়েন্টে বিকেল ৫টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ১১ সেন্টিমিটার। বিপদ সীমা হচ্ছে- ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, গত তিন দিনের প্রবল বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ২৩টি গ্রামে হঠাৎ প্লাবিত হয়েছে। এর মধ্যে রয়েছে ডিমলার ছয় ইউনিয়নের ১৫টি গ্রাম এবং জলঢাকার দুই ইউনিয়নের ৮টি গ্রাম। তিনি বলেন, পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবকটি খুলে দেওয়া হয়। ফলে শনিবার বিকেলে এ পয়েন্টে পানি বিপদ সীমার নিচে নেমে আসে। তিস্তার পানি বেড়ে নিুাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর, হলদীবাড়ি, ভেন্ডাবাড়ি, গুচ্ছগ্রাম পাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ডাউয়াবাড়ি, উত্তর ডাউয়াবাড়ি ও গোপালঝাড়। এসব গ্রামের প্রায় পাঁচশ মানুষ পানিবন্দি হয়ে আছে। ব্যারাজের উজানে প্লাবিত এলাকাগুলো হলো- ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া, কিসামত সাতনাই, পুর্ব সাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেস্বর, পুর্ব সাতনাই, পশ্চিম সাতনাই ইউনিয়নের কালিগঞ্জ, টেপাখড়িবাড়ি ইউনিয়নের পুর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়নের ছোটখাতা চর। ওইসব এলাকার কমপক্ষে পাঁচ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানসহ গাইড বাঁধে আশ্রয় নিয়েছে। প্রকৌশলী আতিকুর রহমান জানান, পানি বাড়ায় তিস্তার ডান তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্পার ও গ্রোয়েন বাঁধ হুমকির মধ্যে রয়েছে। পানির চাপে ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামে নির্মাণাধীন ৬ নম্বর গ্রোয়েন বাঁধের প্রায় ৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ও পাথর ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। ডিমলার খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পূর্ব সাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, বানের পানিতে ভেসে গেছে ডিমলা উপজেলার ৮টি চরের সবগুলো পুকুরের মাছ। তলিয়ে গেছে রোপা আমন বীজতলা। সহায় সম্বলহীন হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে না খেয়ে পড়ে আছে গাইড বাঁধগুলোতে । ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডল বলেছেন, তিস্তা নদী তীরবর্তী ৬টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হওয়ায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সকল ইউপি চেয়ারম্যানকে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব চরের কমপক্ষে সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি ফেলে তারা উঁচু স্থানসহ গাইড বাঁধে আশ্রয় নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএ/২০২৭ ঘ.