ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ বিপর্যয় রোধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।
তিনি বলেছেন, "পরিবেশ রক্ষায় জনমত তৈরি করে সরকারকে চাপ দিতে হবে। সরকারের সুমতি কোনোমতেই হবে না- তা আমি মনে করি না। এক্ষেত্রে সরকার ও জনগণকে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।"
শনিবার ধানমণ্ডির দৃক গ্যালারিতে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান সিদ্দিকী এ কথা বলেন। গোলটেবিলের আগে 'মধুপুর ও লাউয়াছড়া: বিপন্ন বন-বিপন্ন ঐতিহ্য' শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, "দেশের অধিকাংশ লোকই সৎ। কৃষক তথা সাধারণ মানুষ দুর্নীতি করে না। কিছু লোকের কারণে সবকিছুতে দুর্বাত্তায়ন ঘটেছে। আমরা তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।"
তিনি বলেন, "দেশে যেভাবে বন কমে যাচ্ছে, তা হতাশাজনক। শুধু বন নয়, নদী রক্ষায়ও সবাইকে এগিয়ে আসতে হবে।"
জনসংখ্যার চাপ, নগরায়নসহ নানা কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে উল্লেখ করে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক সিদ্দিকী।
তিনি বলেন, "পরিবেশ বিপর্যয় রোধে পরিবেশবাদী ও জনগণের চাপে সরকার আরও সক্রিয় হবে।"
অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে গোলটেবিলে আলোচনায় অংশ নেন ড. নওয়াজেশ আহমেদ, দ্বিজেন শর্মা, অধ্যাপক আনু মুহাম্মদ, ফরহাদ মজহার, মোহাম্মদ তানজিমউদ্দিন খান, আদিবাসী নেতা জেরোম হাগিদগ ও জিডিসন প্রধান সুচিয়াং প্রমুখ।
ড. নওয়াজেশ আহমেদ বলেন, "বাংলাদেশে সবকিছুই যেন জগাখিচুড়ি হচ্ছে। সরকার, জনগণ, বনবাসীদের মধ্যে সমন্বয় নেই। সরকার, জনগণ ও সুধীজন- সবাই মিলে আধুনিক প্রযুক্তি নিয়ে এগিয়ে গেলে পরিবেশ রক্ষা কোনও অসম্ভব নয়।"
দ্বিজেন শর্মা বলেন, "শুধু মধুপুর ও লাউড়াছড়া বনই বিপন্ন নয়; গোটা বাংলাদেশই আজ ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। পরাশক্তির দীর্ঘ হাতের থাবাও যোগ করেছে ভয়ঙ্কর মাত্রা। এক্ষেত্রে আমাদের পরিবেশ-প্রকৃতি নিয়ে ভাবনা হচ্ছে, মেশিনগানের মুখে একটা জুঁইফুল।"
বাংলাদেশে বিভিন্ন দাতা সংস্থার অধীনে বনায়ন প্রকল্পের সমালোচনা করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "যারা বাংলাদেশ দখলে নেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত, তাদের হাতেই বন ধ্বংস হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের জীবন-সম্পদ সবই বিপন্ন হবে।"
বন রক্ষায় ব্যাপকভিত্তিক গবেষণার ওপর জোর দেন তিনি।
উবিনীগ প্রধান ফরহাদ মজহার বলেন, "বনবাসীদের রক্ষা করতে পারলে বন রক্ষা হবে। বাংলাদেশে কেউ বনবাসীর বাইরে নয়। এ জন্য সবার মনোভাব পরিবর্তন করতে হবে।"
বন রক্ষায় বনবাসীদের সংঘাত মীমাংসা করা জরুরি মন্তব্য করে তিনি বলেন, "দেশে জীববৈচিত্র্য নিয়ে সবার কাজের আগ্রহ থাকলেও জীববৈচিত্র্য আইন প্রণয়নে কেউ এগিয়ে আসছে না। পুঁজিবাদ এখন নতুন চেহারা নিয়েছে। তারা গাছপালা-জীব-অনুজীব দখলের পাঁয়তারা করছে। দেশের বন ধ্বংসের জন্য এটাই দায়ী।"
আদিবাসী দুই নেতাই অভিযোগ করেন, বনায়নের নামে বন বিধ্বংসী গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। বনবাসীরা আছে বলেই বন টিকে আছে বলে দাবি করেন তারা।
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের পরিচালক ফিলিপ গাইন।
এতে মধুপুরের শালবনের কতটুকু অবৈধ দখলদারদের কাছে চলে গেছে, তা নিরূপণে একটি জরিপ চালানোর সুপারিশ করা হয়। এছাড়া বনে বসবাসরত আদিবাসীদের রাখার ওপরও জোর দেওয়া হয়। মূল প্রবন্ধে লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেল-গ্যাস অনুসন্ধানে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে বন্ধ করার দাবি জানানো হয়।
গোলটেবিল বৈঠকের পর রোনাল্ড হালদার নির্মিত প্রামাণ্যচিত্র 'আমাদের শালবন' প্রদর্শিত হয়।
দৃক গ্যালারিতে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৩টা থেকে ৮টা পর্যন্ত পরিবেশ সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৬টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে বলে আয়োজকরা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩৯ ঘ.
bdnews24