কক্সবাজার, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ায় সাগরে ভেসে গেছে রেজোয়ান (১৮) নামে ঢাকার এক কলেজ ছাত্র।
রেজওয়ানের বাবার নাম আজহারুল হক। সে ঢাকার মালিবাগের খিলক্ষেতের চৌধুরীপাড়ার বাসিন্দা।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, ঢাকা থেকে আসা রেজওয়ান ও তার দুই বন্ধু শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সমুদ্র সৈকতের হোটেল সী-গাল পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। এক পর্যায়ে আকস্মিক ঢেউয়ের তোড়ে রেজোয়ান ভেসে যায়। সে সময় সৈকতে তেমন লোকজন ছিল না। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত রেজোয়ানের হদিস মেলেনি।
সমুদ্র সৈকতে নিরাপত্তার দায়িত্বরত স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল বলেন, খুব সকালে ওই ছাত্রের ভেসে যাওয়ার খবর তারা শুনেছেন। তারা পৌঁছার আগেই যুবকটি সাগরে ভেসে যায়।
কক্সবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মমতাজ বেগম জানান, রেজোয়ানের বন্ধুদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে ঢাকায় যোগাযোগ করে ঠিকানা ও বাবার নাম জানা গেছে। তবে রেজওয়ান কোন কলেজের ছাত্র ছিল মমতাজ বেগম তা জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/০০০৫
bdnews24