২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালের দাম বেড়েছে

চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বাড়ছে। পনের দিনের ব্যবধানে প্রতি দুই মণের বস্তায় বিভিন্ন প্রকারের নতুন ও পুরনো চালের দাম বেড়েছে দুই থেকে আড়াইশ টাকা। পাইকারি বাজারে দাম বাড়ার এ প্রভাব খুচরা বাজারেও দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বাড়ছে। পনের দিনের ব্যবধানে প্রতি দুই মণের বস্তায় বিভিন্ন প্রকারের নতুন ও পুরনো চালের দাম বেড়েছে দুই থেকে আড়াইশ টাকা। পাইকারি বাজারে দাম বাড়ার এ প্রভাব খুচরা বাজারেও দেখা গেছে। পাইকাররা মনে করেন, উত্তরবঙ্গসহ দেশের অন্যান্য জেলার মোকাম থেকে সরবরাহ কমে যাওয়া এবং খোলা বাজারে সরকারের চাল বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় নতুন আসা চালের দাম বেড়েছে। এছাড়া মজুতদাররা বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করে মজুদ করায় চালের সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি এবং দাম বেড়েছে বলে তারা মনে করছেন। পাইকারি চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুর, রংপুর, নওগাঁ, আশুগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ থেকেই বেশির ভাগ চাল আসে। ওইসব এলাকার কিছু ব্যবসায়ী ব্যাংক ঋণের সুবিধা নিয়ে অতিরিক্ত পরিমাণ নতুন চাল মজুদ করায় সরবরাহ কমে গেছে। দেখা দিয়েছে কৃত্রিম সংকট। আর এ কারণেই পাইকারি বাজারে নতুন চালের দাম বাড়ছে। পাইকারি বাজারে আমদানিকৃত পুরনো বার্মা বেতির (আতপ) দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় (৭৪ কেজি) বেড়েছে দুইশ টাকা। মজুদ কমে যাওয়া এবং আমদানিকৃত চালের সরবরাহ আদেশ (ডেলিভারি অর্ডার) ব্যাপকভাবে হাত বদল হওয়ায় দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। নগরীর চাক্তাই-খাতুনগঞ্জের চালপট্টি ঘুরে দেখা গেছে, ১৫ দিন আগে ১৮৫০ থেকে ১৯০০ টাকায় বিক্রি হওয়া বার্মা বেতি (আতপ) দুই মণের বস্তা বৃহস্পতিবার বিক্রি হয়েছে ২১০০ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক আড়তদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানিকারদের কাছে চাল মজুদ থাকা সত্ত্বেও বাজারে বার্মা বেতির সরবরাহ কম। বাজারে না এসে আমদানিকৃত চালের সরবরাহ আদেশ ব্যাপকভাবে হাতবদল হওয়ায় দাম বাড়ছে বলে তিনি জানান। চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে বোরো ফলন ওঠার পর দিনাজপুর, রংপুর, নওগাঁসহ অন্য জেলাগুলো থেকে প্রতিদিন গড়ে ১০০০ মেট্রিক টন নতুন চাল চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে আসতো। অথচ এ বছর মৌসুমের শুরুর দিকে পরিমাণ কিছুটা বেশি থাকলেও ১০-১৫ দিন ধরে চাল আসা কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৬শ টনে। তিনি জানান, উত্তরবঙ্গের জেলাগুলোর কয়েকজন আড়তদার সিন্ডিকেট করে প্রয়োজনের অতিরিক্ত চাল স্থানীয়ভাবে মজুদ করছেন। এ কারণে পাইকারি বাজারে চাল কম আসছে এবং বাড়ছে দাম। ওমর আজম জানান, ব্যাংক ঋণের সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এ কাজ করছে। চালের অবৈধ মজুতদারি ঠেকাতে তিনি ব্যাংক থেকে খাদ্যশস্য সংক্রান্ত ঋণ দেওয়ার বিষয়ে সুর্নিদিষ্ট নীতিমালা থাকা জরুরি বলে তিনি মনে করেন। এছাড়া খোলা বাজারে চাল বিক্রি বন্ধ করে দেওয়ার কারণেও দাম বেড়েছে বলে তিনি জানান। গত বৃহস্পতিবার চাক্তাই চালপট্টিতে বাজারে নতুন আসা দেশি বেতি (আতপ) প্রতি দুই মণের বস্তা ২০০ টাকা বেড়ে ২১৫০ টাকা, দেশি ইরি মোটা (আতপ) ২০০ টাকা বেড়ে ২০০০টাকা, মিনিকেট আতপ ১০০ টাকা বেড়ে ২৭০০ টাকা, পাইজাম ১০০ টাকা বেড়ে ২৭৬০ টাকা, পারি সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশি বেতি সিদ্ধ ২৫০০ টাকা, দেশি ইরি সিদ্ধ ২২০০ টাকা এবং মিনিকেট সিদ্ধ বিক্রি হয়েছে ২৭৫০ টাকায়। পাই্কারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ২ থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। নগরীর রেয়াজুদ্দিন বাজার ও এর আশেপাশের খুচরা দোকানে দেশি বেতি (আতপ) প্রতি কেজি ৩২ টাকা, দেশি ইরি (মোটা) ৩০ টাকা, মিনিকেট আতপ ৩৭ টাকা, পাইজাম আতপ ৩৮ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৭ টাকা, বেতি সিদ্ধ ৩৩ টাকা, মোটা সিদ্ধ ৩৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৫৩ ঘ.