২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী এলাকায় ১৪ জুলাই থেকে জরুরি অবস্থা শিথিল

যেসব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে সেসব এলাকায় জরুরি অবস্থা শিথিল করেছে সরকার। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ আগামী ১৪ জুলাই থেকে ওইসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করা যাবে। >>জরুরি অবস্থা শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন পড়তে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে সেসব এলাকায় জরুরি অবস্থা শিথিল করেছে সরকার। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরদিন অর্থাৎ আগামী ১৪ জুলাই থেকে ওইসব এলাকায় নির্বাচনী সভা, সমাবেশ ও মিছিল করা যাবে। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জাবেদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, 'সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের প্রচারের সুবিধার জন্য সরকার মিছিল, সভা বা সমাবেশ করা বা তাতে অংশগ্রহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে।' এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্থানীয় নির্বাচনের জন্য জরুরি ক্ষমতা বিধিমালার ৩ এর উপবিধি (১) শিথিলের কথা জানান। এই উপবিধিতে সভা-সমাবেশ ও মিছিল করার ওপর বিধিনিষেধ ছিল। সিইসি জানান, জরুরি বিধিমালা শিথিলের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রার্থিতা প্রত্যাহারের পরদিন থেকে কার্যকর হবে। অর্থাৎ নির্বাচনী তফসিল অনুযায়ী, সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৪ জুলাই থেকে। শুক্রবার বিকেলে ঘোষিত নির্বাচনের সময়সূচি বা তফসিলে বলা হয়, প্রার্থীরা ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬/৭ জুলাই। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই। এরপর আগামী ৪ আগস্ট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ করা হবে। শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিঙে সিইসি এই তফসিল প্রকাশ করেন। গত বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। চলতি বছর ১৩ মে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এসএম/ইএইচবি/জেকে/এমএ/১৮১৫ ঘ.