ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের প্রতিহত করার ঘোষণার মুখে শুক্রবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আগামী ৪ আগস্ট একযোগে দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণের সময়সূচি ঘোষণা করেছেন।
আরেক প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগও যে কোনও নির্বাচনের আগে সংসদ নির্বাচন দাবি করেছে।
ঘোষিত সময়সূচি বা তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩ জুলাই, যাচাই-বাছাই ৬/৭ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই।
শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিঙে সিইসি নির্বাচনী সময়সূচি (তফসিল) প্রকাশ করেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।
মেয়াদোত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা মানিকগঞ্জ সদর, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, চুয়াডাঙ্গা সদর, শরীয়তপুর সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজশাহীর নওহাটা, বগুড়ার দুপচাঁচিয়া এবং সিলেটের গোলাপগঞ্জ-এ ভোট গ্রহণ হবে ৪ আগস্ট।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যে কোনও পর্যায়ে এটিই প্রথম নির্বাচনী তফসিল ঘোষণা।
তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার অংশ হিসেবে ৩০ জুন সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে চার দল।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, "চার দল সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা মেনে নেবে না। এর বিরুদ্ধে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে আরও কর্মসূচি আসবে।"
স্থানীয় সরকার নির্বাচনের যাওয়া না যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
১১ জানুয়ারির পটপরিবর্তনের পর ২০০৭ সালের ফেব্র"য়ারিতে বর্তমান কমিশন দায়িত্বভার নেয়। এরপর মে মাসে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেয়। ১৫ জুলাই ঘোষিত নির্বাচনী রোডম্যাপে এ বছরের শুরু থেকে সিটি ও পৌর নির্বাচনের কথা ছিল। তবে চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা রয়েছে ইসি।
সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং ২০০৩ সালের ২০ মার্চ সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ২০০৬ সালের ২৪ আগস্ট পর্যন্ত সর্বশেষ ২৫২টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশে বর্তমানে ছয়টি সিটি কর্পোরেশন ও ৩০৮টি পৌরসভা রয়েছে।
১৪ মে জারি করা 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ, ২০০৮' ও 'স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮' অধ্যাদেশের সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন ইতিমধ্যে 'স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০০৮' ও 'নির্বাচনী আচরণ বিধিমালা, ২০০৮' প্রণয়ন করেছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/পিসি/জিএনএ/১৭১৯ ঘ.
bdnews24