ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে প্রথম আলোর এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক সাইফুল ইসলাম সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এর পাশাপাশি প্রথম আলোর প্রতিবেদক হিসাবে কাজ করতেন তিনি।
ট্রেনের নিচে পড়ে সামিনের দুটি পা-ই কাটা পড়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী প্রথম আলোর প্রতিবেদক ওবায়দুর রহমান মাসুম।
মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামিন ও আমি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সমস্যা নিয়ে রিপোর্ট করার জন্য সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যাই। ওই সময় মালবাহী একটি ট্রেন আস্তে আস্তে তেজগাঁও স্টেশনের দিকে আসছিল। তাড়াহুড়া করে রেললাইন পার হতে গিয়ে সামিন ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুটি পা কাটা পড়ে।"
দুর্ঘটনার পরপরই সামিনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।
সামিনের দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাদির জুনাইদসহ বিভাগের শিক্ষার্থী ও প্রথম আলোর সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।
প্রথম আলোর বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামিনের চিকিৎসার দায়িত্ব প্রথম আলো নিয়েছে। চিকিৎসকরা বিষয়টি দেখছেন। ইতোমধ্যে তার একবার অস্ত্রোপচার করা হয়েছে।"
সামিনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ৪০৭ নম্বর রুমে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমওয়াই/এফএফ/এমআই/১৫১২ ঘ.
bdnews24