বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ বলেছেন, দেশের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা খুবই নগণ্য। এত কম সংখ্যক পুলিশ দিয়ে বিশাল জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অপরাধ দমন করতে হলে জনগণ ও পুলিশকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বরিশাল ও ভোলায় পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুপুরে বরিশাল মিলনায়তনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ সমাবেশ ও আইন শৃংখলা বিষয় এক মতবিনিময় সভায় আইজিপি বলেন, "এত কম সংখ্যক পুলিশ দিয়ে বিশাল জনগেষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ কারণেই জনগনের অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সর্ম্পকিত ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর প্রতিবেদনের সঙ্গে একমত হয়ে তিনি বলেন, "শুধু বললেই ভাল হওয়া যায় না। এর জন্য সময়ের প্রয়োজন।"
নূর মোহাম্মদ বলেন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনার জন্য সারাদেশের মত বরিশাল জেলায় ৬৬৬ টি কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো সঠিকভাবে পুলিশ সদস্যদেরকে সহযোগিতা করলে দেশের আইনশৃংখলা পরিস্থির উন্নতি হবে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে জনগণের মনোভাবের পরিবর্তন হবে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার খান সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সিটি মেয়র আওলাদ হোসেন দিলু, বরিশালের বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরী, বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক আমিনুল ইসলাম, র্যাব-৮'র পরিচালক লে. কর্নেল ইরশাদ হোসেন, জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহী এবং বরিশাল সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আবু সাঈদ মোহম্মদ আলী।
বিকেলে ভোলা কবি মোজাম্মেল হক টাউন হলে কমিউনিটি পুলিশ ও সুধী সমাবেশে আইজিপি বলেন,
"অপরাধ দমন করতে হলে জনগণ ও পুলিশ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে। সুনাগরিকের দায়িত্ব কমিউনিটি পুলিশের সঙ্গে সম্পৃক্ত হয়ে সুন্দর দেশ গঠনে সহযোগিতা করা।"
ভোলার পুলিশ সুপার জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জের ডিআইজি আনিসুল ইসলাম, বরিশাল পুলিশের কমিশনার খান সাইদ হাসান, র্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন, ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন, ভোলা পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রমূখ।
সমাবেশে আইজিপি নুর মোহাম্মদ আরও বলেন "পুলিশের দেড়শ' বছরের অভ্যাস এক দিনে বদলাবে না। আমরা সবে মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছি। অবশ্যই সাফল্য আসবে।"
তিনি বলেন, কেউ মিথ্যা মামলায় হয়রানির শিকার হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতে পুলিশ সদস্য জড়িত বা দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধেও।
সুধী সমাবেশের আগে একটি শোভাযাত্রা ভোলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24