প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার কাজের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় বিশেষ দায়রা আদালতের কার্যক্রম শুরু হয়েছে।
এতদিন এ আদালতগুলো বিশেষ জজ আদালত হিসেবে পরিচিত ছিল।
সন্দেহভাজনদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে গত বছর ৬ মে সংসদ ভবন এলাকায় পাঁচটি বিশেষ জজ আদালত কার্যক্রম শুরু করে। এরপর সেখানে নতুন আরও পাঁচটি আদালত বসানো হয়।
চলতি বছরের ১৮ মার্চ এই ১০টি বিশেষ জজ আদালতকে ফৌজদারি মামলা পরিচালনার বিচারিক ক্ষমতা দেওয়া হয়। এর মধ্য দিয়ে আদালতগুলো হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ফৌজদারি কার্যবিধির আওতাধীন অন্যান্য মামলা বিচার করার ক্ষমতা পায়।
এর আগ পর্যন্ত দুর্নীতি সংক্রান্ত মামলা ছাড়া অন্য কোনো মামলা চালানোর বিচারিক ক্ষমতা বিশেষ জজ আদালতগুলোর না থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলার বিচার মহানগর দায়রা আদালতে শুরু হয়েছিল। পরে এ মামলা চালানোর জন্য সংসদ ভবন এলাকায় দায়রা আদালতের বিশেষ এজলাসও বসানো হয়। সেখানেই এ মামলার বিচার চলতে থাকে।
কিন্তু হাসিনা গত ৫ ফেব্র"য়ারি 'ন্যায়বিচার পাবেন না' এই আশঙ্কা প্রকাশ করে আদালত বদলের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক গত ১৫ জুন মামলটি বিচারের জন্য বিশেষ দায়রা আদালত-৫ এ পাঠিয়ে দেন। বৃহস্পতিবার এ মামলার মাধ্যমেই সংসদ ভবনে বিশেষ দায়রা আদালতের কার্যক্রম শুরু হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২১৪১ ঘ.
bdnews24