২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণ: সিলেটে আপত্তি আবেদনের শুনানি অনুষ্ঠিত

সিলেট বিভাগের সাতটি আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি বৃহস্পতিবার হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার বাইরে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি শুরু হলো। পর্যায়ক্রমে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় এই শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিভাগের সাতটি আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি বৃহস্পতিবার হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার বাইরে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি শুরু হলো। পর্যায়ক্রমে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় এই শুনানি হবে। এর আগে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত নির্বাচন কমিশনে ঢাকা বিভাগের ৩৮টি নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি হয়েছিল। সিলেট সার্কিট হাউসে সকাল ১০ টায় থেকে শুরু হওয়া আপত্তি আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা এবং দুই নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। সিইসি ও দুই ইসি আপত্তি শুনলেও কোনো রায় দেননি। শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, "অপেক্ষা করুন, রায় হবে পহেলা জুলাই। পর্যায়ক্রমে দেশের সকল সংসদীয় আসনের আপত্তি শুনানি শেষে ওইদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।" সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ-৫, সিলেট-১, সিলেট-২, সিলেট-৩, মৌলভীবাজার-২ ও মৌলভীবাজার-৪ এই সাতটি আসনের সীমানা পুনর্নিধারণ বিষয়ে আপত্তি আবেদনের শুনানি হয়। আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত, বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী যথাক্রমে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির পক্ষে বক্তব্য দিয়েছেন। বাকী আসনগুলোর সীমান পুর্নির্ধারণের ব্যাপারে আপত্তি জানিয়ে যুক্তি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শুনানির সময় নির্বাচন কমিশনার ছহুল হোসেন বলেন, "জনগণের কথা চিন্তা করেই আসন পুনর্বিন্যাস করা হয়েছে।" শুনানির শুরুতে অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "আসন পুনর্বিন্যাসে জনসাধারণের কোনো সমস্যা হবে না। আসন পুনর্বিন্যাস রাজনীতিবিদদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।" এর পর ২২ জুন কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউজে ২৩ জুন, বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ জুন, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুন এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জুন শুনানির দিন ধার্য রয়েছে। আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ৬টি বিভাগের ৯৫টি আসন থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আপত্তি আবেদন জমা পড়েছে। গত ২৯ এপ্রিল নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.