ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৬ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার জাতীয় সংসদ ভবনে স্থাপিত তার বিশেষ এজলাসে এ দিন ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ উচ্চ আদালতে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত থাকতে পারেননি। ব্যারিস্টার শফিককে ছাড়া অভিযোগ গঠনের শুনানিতে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়। এ অবস্থায় তারা আদালত মুলতবি করার আবেদন করেন।
এরপর বিচারক আদালত মুলতবি করেন।
এর আগে এ মামলার ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান গত ১১ জুন আবেদন করেছিলেন। এ সংক্রান্ত আদেশ দেওয়ার জন্য বৃহস্পতিবার আদালত ২৬ জুন দিন ধার্য করেন।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় বৃহস্পতিবার মামলার আসামি শেখ হাসিনার অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
এদিন জেনারেল মুস্তাফিজসহ মামলার অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মিগ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে গত ১১ জুন আদালত আজ (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করেছিল।
বিলুপ্ত দুর্নীতি ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে দেয়।
মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১০৪০ ঘ.
bdnews24