ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ এ নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "বিস্তারিত আলোচনার পর খসড়া অধ্যাদেশটিতে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।"
প্রেস সচিব বলেন, "সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী তথ্যপ্রাপ্তির অধিকার মানুষের মৌলিক অধিকারের অংশ। তাছাড়া জনগণের ক্ষমতায়ন, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার জন্যে চলমান প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসাবে সরকার তথ্য অধিকার আইন প্রণয়নের এ উদ্যোগ নিয়েছে।"
নীতিগত অনুমোদিত প্রস্তাবে ৩৮টি ধারা ও একটি তফসিল রয়েছে উল্লেখ করে তিনি জানান, বুধবারের বৈঠকে এ ধারাগুলোতে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব এসেছে।
ফাহিম মুনয়েম বলেন, "প্রস্তাবিত অধ্যাদেশে তিন সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটি 'তথ্য কমিশন' নামে পরিচিত হবে। এর প্রধান হবেন তথ্য কমিশনার। তিন কমিশনারের মধ্যে একজন হবেন নারী। কমিশনের সদস্য বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। বাছাই কমিটির প্রধান হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি।"
প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে, তথ্য কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো কাজ করবে। প্রধান তথ্য কমিশনার ও কশিনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সদস্য বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টরা এ পদে মনোনয়নের যোগ্য বিবেচিত হবেন না। দেশের যে কোনো নাগরিক কমিশনে অভিযোগ জানাতে পারবে।
এ অধ্যাদেশের আওতায় গ্রামের দরিদ্র মানুষ বিনা ফি'তে সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে তথ্য চাইতে পারবে। এছাড়া নির্ধারিত ফি দিয়ে কমিশনে তথ্যের জন্য আবেদন করা যাবে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য দেয়া না হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে।
অবশ্য চূড়ান্ত অনুমোদনের আগে এসব প্রস্তাবের অনেক কিছুই পরিবর্তন করা হতে পারে।
পররাষ্ট্র ও আইন উপদেষ্টা ছাড়া উপদেষ্টা পরিষদের অপর সদস্যরা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারিরা বুধবারের এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24