২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সঙ্কটে বিপাকে বান্দরবানের রুমার জুমচাষীরা

বান্দরবানের কৃষি নির্ভর রুমা উপজেলায় চলতি মৌসুমে সারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পাহাড়ে জুম চাষ মৌসুমে সারের সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ করা হয়েছে মাত্র ৪ মেট্রিক টন, যা চাহিদার এক চতুর্থাংশ। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সার বিক্রি বন্ধ করে দিয়েছে ডিলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

বান্দরবান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের কৃষি নির্ভর রুমা উপজেলায় চলতি মৌসুমে সারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পাহাড়ে জুম চাষ মৌসুমে সারের সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ করা হয়েছে মাত্র ৪ মেট্রিক টন, যা চাহিদার এক চতুর্থাংশ। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সার বিক্রি বন্ধ করে দিয়েছে ডিলার। জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইউসুফ জানিয়েছেন, এ উপজেলায় চলতি বছর প্রায় ৫০০ একর পাহাড়ি জমিতে জুম চাষ করা হয়েছে। রেমাক্রী প্রাংসা ছাড়া সদরসহ অন্য তিন ইউনিয়নে জুম চাষ ও অন্য জমিতে বিভিন্ন সবজিও চাষ করা হয়েছে। ফসলু ও সবজি চাষ অনুযায়ী চলতি মৌসুমে ইউরিয়া সারের চাহিদা প্রায় ১৬ মেট্রিক টন। সারের ডিলার জুয়েল বম জানিয়েছেন, তিনি সরকারিভাবে সার পেয়েছেন মাত্র ৪ মেট্রিক টন। চাহিদার তুলনায় সরবরাহ এক চতুর্থাংশ হওয়ায় চাহিদা অনুযায়ী সার বিক্রি করতে না পেরে বিপাকে পড়ার কথা জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৬ জুন ডিলার শপে কৃষকরা সার নিতে এসে দীর্ঘ লাইন ধরে। কৃষকদের দীর্ঘ লাইন ও চাহিদা দেখে সার বিক্রি আপাতত বন্ধ রাখি।" কৃষি কর্মকর্তা মো. ইউসুফ জানান, সার বিক্রির সময় কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিত থাকতে হয়। সারের চাহিদা ও লোকজনের অত্যধিক ভিড় দেখে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সার বিক্রি স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সাংবাদিক নুরুল ইসলাম জানান, সোমবার কৃষকরা দূর দূরান্ত থেকে উপজেলা সদরে সার কিনতে এসে দীর্ঘসময় লম্বা লাইন ধরেও শেষ পর্যন্ত তারা সার পায়নি। চাহিদার তুলনায় সার কম হওয়ায় কৃষি বিভাগ ও ডিলার সার বিক্রি সাময়িকভাবে স্থগিত রেখেছেন। সদর ইউনিয়নের ফেকু পাড়ার কৃষক চা শৈ মারমা ও মং শৈ চিং মারমা এবং মিনঝিড়ি পাড়ার নীলা মং মারমা সাংবাদিকদের জানিয়েছেন, তারা চাহিদা মত সার না পেয়ে বিপাকে পড়েছেন। তাদের চাহিদা ১৮০-২০০ কেজি, অথচ ডিলার থেকে ২৫ কেজি করে দেয়া হচ্ছে। এতে তাদের জমির ফসল উৎপদান হ্রাস এমনকি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কৃষি কর্মকর্তা মো. ইউসুফ জানান, ১৬ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার সংকট নিরসনে জরুরি সভা করা হয় এবং আরও ৫ মেট্রিক টন সার কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। এ সার পাওয়া গেলে সঙ্কট কিছুটা কাটবে। কৃষকরা জানিয়েছেন, গত দুই বছর ইঁদুর বন্যার কারণে রুমা উপজেলায় ফসল উৎপাদন কম হয়েছে। চলতি বছর প্রয়োজনীয় সার না পেলে ফসল উৎপাদন হ্রাস পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং উপজেলায় খাদ্য সঙ্কট দেখা দিবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮২৫ ঘ.