লক্ষ্মীপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুরের একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম বুধবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুল, রফিক উল্যা ও আব্দুর রব চৌধুরী। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে। রায়ের সময় তিন জনই আদালতে উপস্থিত ছিলেন।
পারিবারিক বিরোধের জের ধরে আব্দুর রশিদ নামে এ কিশোরকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়েছে। আদালত কারাদণ্ডের পাশাপাশি তিন জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন বছর কারাভোগ করতে হবে।
রশিদকে ১৯৯৭ ইং সালের ১৩ অক্টোবর পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তার বাবা আলী আহম্মদ হত্যা মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24