২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তপন মালিথা- মাদ্রাসা ছাত্র থেকে চরমপন্থী নেতা

২৪টি হত্যা মামলা মাথায় নিয়ে ছিলেন আব্দুর রশিদ মালিতা; তপন মালিথা বলেই পরিচিতি যার। ঠিক কতটি মামলা তার বিরুদ্ধে রয়েছে, তার সঠিক পরিসংখ্যান পুলিশের কাছেও নেই। মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা জীবন শুরু হয় তপনের; কিছুকাল গ্রামের মসজিদে ইমামতিও করেন। কিন্তু গ্রামের এক সালিশে বাবার অপমানের ঘটনায় নাম লেখান চরমপন্থী দলে। এলাকা ছাড়িয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন অঞ্চলের ত্রাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪টি হত্যা মামলা মাথায় নিয়ে ছিলেন আব্দুর রশিদ মালিতা; তপন মালিথা বলেই পরিচিতি যার। ঠিক কতটি মামলা তার বিরুদ্ধে রয়েছে, তার সঠিক পরিসংখ্যান পুলিশের কাছেও নেই। মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা জীবন শুরু হয় তপনের; কিছুকাল গ্রামের মসজিদে ইমামতিও করেন। কিন্তু গ্রামের এক সালিশে বাবার অপমানের ঘটনায় নাম লেখান চরমপন্থী দলে। এলাকা ছাড়িয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন অঞ্চলের ত্রাস। বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে নিহত হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা তপন মালিথা। তপনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর। তপন নিহত হওয়ার পর ওই গ্রামে গেলে স্থানীয়রা তপন সম্পর্কে বিভিন্ন তথ্য দিলেও নাম প্রকাশ করতে কেউই রাজি হননি। তারা জানান, তপনের ছোট ভাই রোকনউদ্দিন আকাশও তপনের দলের সদস্য। স্থানীয়রা জানায়, পরিবারের বড় ছেলে তপনের শিক্ষা জীবন শুরু হয় ঝিনাইদহ আলীয়া মাদ্রাসায়। সেখান থেকে দাখিল পাসের পর ঝিনাইদহ কেসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর গ্রামে ফিরে কিছুকাল ইমামতি করেন। গ্রামে চোর-ডাকাত দমনে একটি সংগঠন গড়ে তোলেন। ওই এলাকায় আগে থেকেই নিষিদ্ধ সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও সর্বহারা পার্টির তৎপরতা ছিল। '৮০ দশকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রামের একটি সালিশে অপদস্থ হন তপন মালিথার বাবা। ওই সময় তপনের এক বোন চরমপন্থীদের হাতে নির্যাতিত হন। এরপর তপন গ্রাম ছেড়ে খুলনার ফুলতলায় গিয়ে একটি এনজিওতে চাকরি নেন এবং সেখানেই এক সহকর্মীকে বিয়ে করেন। খুলনায় থাকার সময়েই তপনের সঙ্গে যোগাযোগ হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুলের। নাম প্রকাশে অনিচ্ছুক তপনের এক সময়ের সহযোগীরা জানায়, শিমুলের হাত ধরে তপন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে ঢোকেন। এরপর চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পান। ওই এলাকায় শ্রেণী শত্র" খতমের নামে হত্যা শুরু করেন। এক সময়ে মেহেরপুরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন তপন। তখনও তার নাম-ডাক এত ছড়িয়ে পড়েনি। জামিনে ছাড়া পেয়ে খুলনা এলাকায় ফিরে যান। পার্টি তাকে যশোর-খুলনার দায়িত্ব দেয়। ২০০১ সালে যশোরে আবার গ্রেপ্তার হন তপন মালিথা। এরপর তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। ২০০২ সালের ২৬ জানুয়ারি আদালতে নিয়ে যাওয়ার সময় সহযোগীরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তপনকে। এরপর থেকে 'আন্ডারগ্রাউন্ড রাজনীতি'তে মূর্তিমান আতঙ্কে পরিণত হন তপন। ২০০৩ সালে দলের মূল নেতা মোফাখখার চৌধুরীর সঙ্গে বিরোধ দেখা দিলে তপন দলের অস্ত্র ভাণ্ডার নিয়ে বেরিয়ে আসেন। গঠন করেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) গঠন করেন। তিনি হন দলের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান। এরপর শ্রেণিশত্র" খতমের নামে অনেক হত্যাকাণ্ড ঘটান তিনি। হত্যাকাণ্ডের পর দায়িত্ব স্বীকার করে বিবৃতিও দিতেন তপন। খুলনার সাংবাদিক মানিক সাহা, হুমায়ূন কবির বালু ও শেখ বেলাল হত্যাকাণ্ডের দায়িত্বও শিকার করেছিল তপনের দল। খুলনার আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যামামলার প্রধান আসামিও তিনি। তপনের এক সময়ের নেতা মোফাখখার চৌধুরীও কয়েক বছর আগে র‌্যাবের 'ক্রসফায়ারে' মারা যান। বুধবার তপন নিহত হওয়ার পর সাংবাদিকরা তার বাড়ি গেলে পরিবারের পক্ষ থেকে কোনও কথা বলা হয়নি। তপনের বোন ফাতেমা বেগম উল্টো সাংবাদিকদেরই শাসিয়েছেন। ভাইয়ের মৃত্যুর জন্য সাংবাদিকদেরই দায়ী করেছেন তিনি। তপন মালিথার নামে ঠিক কতটি মামলা রয়েছে জানতে চাওয়া হয়েছিল ঝিনাইদহের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের কাছে। উত্তরে তিনি বললেন, "ঝিনাইদহ, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলায় তপনের নামে এ পর্যন্ত ২৪টি হত্যা মামলার ও ১৫ টি অন্যান্য মামলার খোঁজ পাওয়া গেছে।" তবে মামলার সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্বীকার করে তিনি জানান, তার নামে আরও কত মামলা রয়েছে তা সন্ধান করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.