মাগুরা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক অনাথ বন্ধু হত্যা মামলায় বুধবার পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।
মাগুরার জেলা ও দায়রা জজ কাদের নেওয়াজ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল জলিল, লিটন, তালেব মিয়া, তারিকুল ইসলাম ও খোকন। এদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে।
আদালত কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।
২০০৫ সালের ৬ এপ্রিল মাগুরা সদরের আলাইপুরে নিজে গ্রামে ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যাংক কর্মকর্তা অনাথ বন্ধু।
ঘটনার পরদিন নিহতের ভাই শঙ্কর কুমার বসু পাঁচ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ওই পাঁচ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৯ ঘ.
bdnews24