ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা শিথিলের ঘোষণা শুক্রবার আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
স্থানীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে জরুরি অবস্থা শিথিল বা প্রত্যাহার করা হচ্ছে কি না- জানতে চাওয়া হলে আনোয়ারুল ইকবাল বলেন, "আগামী শুক্রবার সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কোন কোন এলাকায় ইমার্জেন্সি রুল কতটুকু শিথিল করা যায়, সে বিষয়ে সরকারও চিন্তা-ভাবনা করছে, একইসঙ্গে সে ঘোষণাও আসবে।"
স্থানীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপত্তি আসেনি দাবি করে উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনও দলই আপত্তি করেনি। এ নির্বাচন করতে গিয়ে যেন সংসদ নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছে তারা। আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, স্থানীয় নির্বাচনের কারণে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না।"
তিনি আরও বলেন, "ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দেশে নির্বাচন করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকার তাদের সহায়তা করবে।"
'জিও ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল ম্যাপিং ইন বাংলাদেশ: প্রেজেন্ট অ্যান্ড ফিউচার' শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইকবাল।
ডিজিটাল ম্যাপিং সম্পর্কে তিনি বলেন, "জাপান সরকারের সহায়তায় আমরা ডিজিটাল ম্যাপিং সিস্টেমের কাজ শুরু করেছি। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণ ছাড়াও বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান উপকৃত হবে।"
ডিজিটাল ম্যাপিংয়ের উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "আমি যখন র্যাবের ডিজি ছিলাম তখন নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা শহরের ডিজিটাল ম্যাপিং হয়েছিল। এর ফলে র্যাবের একটি গাড়ি কোন অঞ্চলে আছে তা নিয়ন্ত্রণ কক্ষে বসেই এখন দেখা সম্ভব হয়।"
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদুত মাসাইউকি ইনুই ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল ম্যাপিং প্রজেক্টের কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলাউদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান খান।
হাবিবুর রহমান খান বলেন, "১৯৯৮ সাল থেকে বাংলাদেশে ডিজিটাল ম্যাপ ব্যবহার শুরু হলেও মূলত প্রিন্টিং ম্যাপকে স্ক্যান করে ব্যবহার করা হোত। এতে বিশেষ বিভাগের জন্য কোনও আলাদা ম্যাপিং ব্যবস্থা ছিল না। কিন্তু ডিজিটাল হওয়ার পর সড়কসহ বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয়েরও ম্যাপ করে দেওয়া সম্ভব হবে।"
তিনি বলেন, "কোনও এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে তথ্য ডিজিটাল ম্যাপের মাধ্যমে স্পষ্ট জানা যাবে। এছাড়া অপরাধীর গতিবিধিও এর মাধ্যমে সনাক্ত করা সম্ভব হবে।"
কিছু কৌশলগত বিষয় ছাড়া জনগণ অর্থের বিনিময়ে এই ম্যাপ সংগ্রহ করতে পারবে বলে হাবিবুর রহমান জানান।
ডিজিটাল ম্যাপিং চালু হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে
bdnews24