চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে প্রহার ও বেতন নিয়ে অসন্তোষের জের ধরে মঙ্গলবার সীতাকুণ্ডে শ্রমিক-নিরাপত্তা কর্মী সংঘর্ষে দশজন আহত হয়েছে।
সন্ধ্যায় কদমরসুল এলাকার এ ঘটনায় সানম্যান টেক্সটাইল মিলের ক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
শ্রমিকরা অভিযোগ করেছে কারখানার নিরাপত্তাকর্মীরা সুমি ও লুবনা নামে দুই শ্রমিককে নির্যাতন করেছে। আহত এ দু'জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত দুই নিরাপত্তাকর্মী আনসার সদস্য মো. হানিফ ও আব্দুল জলিলসহ অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করেছেন।
একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা খায়রুল ইসলাম শ্রমিকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন দেওয়ার কথা বলে বিকেলে কারখানার নিরাপত্তাকর্মীরা নারী শ্রমিকদের ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এতে সুমি ও লুবনাসহ বেশ কয়েকজন আহত হয়। এ খবর ছড়িয়ে পড়াতেই সংঘর্ষ শুরু হয়।
কারখানার শ্রমিক সোলায়মান সাংবাদিকদের জানান, বেতন বাড়ানোর প্রতিশ্র"তি পুরোপুরি বাস্তবায়ন না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। নারী শ্রমিকদের নির্যাতন করায় তা সংঘর্ষে রূপ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে/২২৫৯ঘ.
bdnews24