রংপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির অভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গণপূর্ত বিভাগের সরবরাহ করা পানি সারাদিনে এক ঘণ্টার বেশি থাকে না। খাওয়ার পানি থেকে শুরু করে শৌচাগারের পানি পর্যন্ত সংগ্রহ করতে হয় হাসপাতালের একমাত্র নলকূপ থেকে।
হাসপাতালের রোগীরা জানান, সকালে এক ঘণ্টার জন্য পানি পাওয়া যায়। তবে অধিকাংশ রোগি তা সংগ্রহ করতে পারে না। আর যা পাওয়া যায় তা একেবারে খাবার অযোগ্য। শৌচাগারে পানি না থাকায় বাইরে থেকে পানি সংগ্রহ অথবা কিনে এনে চাহিদা মেটাতে হয় বলে জানান তারা।
রোগীদের কয়েকজন আত্মীয় অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি।
হাসপাতালের ৮ নম্বর সার্জিকাল ওয়ার্ডের রোগী মমতাজ বেগম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নাস্তা খাওয়ার পর পানি না খেয়ে আছি। আমার কোনো স্বজন এখানে না থাকায় হাসপাতালের নীচের নলকূপ থেকে পানি আনারও কেউ নেই।
একই ওয়ার্ডের রোগী সুফিয়া বেগম জানান, পানি নেই বলে সকাল থেকে তিনি শৌচাগারে যেতে পারেননি।
সিসিইউ, শিশু ও গাইনি, চক্ষু সকল ওয়ার্ডে গিয়ে একই অবস্থা দেখা গেছে। সবখানে রোগীদের একই অভিযোগ।
হাসপাতাল ভবনের তৃতীয় তলায় নাক কান গলা বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে দেখা গেছে কলের মুখ নেই। তাই সকালে যতটুকু পানি এসেছে তা আপনাআপনি পড়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যে দুই ঘণ্টাও পানি পাওয়া যায় না বলে জানান এখানকার রোগী ও তাদের স্বজনরা।
দুপুর বারটার দিকে হাসপাতালের নীচে একমাত্র নলকূপের সামনে দেখা যায় নারী-পুরুষের লম্বা লাইন।
তারা জানান, ওয়ার্ডগুলোতে পানি নেই বললেই চলে। যতটুকু পাওয়া যায় তা খাবার অযোগ্য। সে কারণে বাধ্য হয়ে হাসপাতালের ৩, ৪, ৫ তলা থেকে নিচে এসে নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হয়।
হাসপাতাল প্রাঙ্গনের তিন নলকূপের মধ্যে সচল আছে একটি নলকূপ। বাকি দুইটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান পানি সংকটের কথা স্বীকার করে বলেন, "হাসপাতালের পানির মান ভালো না হওয়ায় রোগীরা নীচে এসে টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সামনে তিনি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিবের কাছে টেলিফোনে পানি সমস্যার কারণ জানতে চান।
আহসান হাবিব তাকে জানান, হাসপাতালে আগে যে পানির ট্যাংক ছিল তার ধারণ ক্ষমতা ছিলো ৩০ হাজার লিটার। সে ট্যাংকের মেরামত কাজ চলছে। বিকল্প হিসেবে দেওয়া চারটি প্লাষ্টিক ট্যাংকের মাধ্যমে মাত্র ৮ হাজার লিটার পানি সরবরাহ করা যাচ্ছে। ফলে পানির সমস্যা হচ্ছে। এ সমস্যা আরও দেড়মাস থাকবে বলে তিনি পরিচালককে ফোনে জানিয়েছেন।
পরিচালক জানান, হাসপাতালে গড়ে প্রতিদিন একশ এর বেশি কলের মুখ (বীফ কক) চুরি যাচ্ছে। ফলে পানি সরবরাহ করার পরেও পানি রাখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24