২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি বছর পাচার হচ্ছে ৭০ হাজার নারী ও শিশু; রোধে বিশেষ দল

দেশ থেকে প্রতি বছর গড়ে ৭০ হাজার নারী ও শিশু পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। পাচার হওয়া নারীদের বেশিরভাগকে ভারত ও পাকিস্তানে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ থেকে প্রতি বছর গড়ে ৭০ হাজার নারী ও শিশু পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। পাচার হওয়া নারীদের বেশিরভাগকে ভারত ও পাকিস্তানে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে। আর শিশুদের অনেককে মধ্যপ্রাচ্যে উটের জকি হিসাবে ব্যবহার করা হচ্ছে; বাকিদের দেহের বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে তা বিক্রি করা হচ্ছে। মানব পাচারের জন্য দারিদ্র্য, অশিক্ষা, লৈঙ্গিক বৈষম্যের পাশাপাশি আইনের দুর্বল প্রয়োগকেও দায়ী করেছেন উপদেষ্টা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মানব পাচার রোধ এবং এ সংক্রান্ত মামলা তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ ইউনিটের (টিএইচবি) কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে দেশের মানব পাচারের চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কারিগরী সহায়তা এবং ইউরোপীয় কমিশনের অর্থায়নে নারী ও শিশু পাচার রোধে এ দলটি গড়ে তোলা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল জলিলের নেতৃত্বে প্রাথমিকভাবে ১১ সদস্যের একটি দলকে এ কাজের জন্য তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে কমপক্ষে ৭০ হাজার নারী ও শিশু পাচার হচ্ছে। এর মধ্যে ৪০ হাজারের মতো নারী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে পাচার হয়ে যৌন ব্যবসায় বাধ্য হচ্ছেন। আর ৩০ হাজারের মতো শিশু ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার হচ্ছে। এদের কেউ উটের জকি বা দাস হিসেবে বিক্রি হচ্ছে, কারও কারও কিডনিসহ দেহের বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে।" উপদেষ্টা জানান, প্রতিদিন ভারত সীমান্ত দিয়ে কমপক্ষে ৫০ জন নারী পাচার হচ্ছে। সুসংগঠিত চক্রের মাধ্যমে পাচারের শিকার বাংলাদেশী নারীর অধিকাংশেরই শেষ গন্তব্য হয় কলকাতা অথবা মুম্বাইয়ের যৌনপল্লীগুলো। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ২২২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্ত পথেই বেশিরভাগ পাচার হচ্ছে। আবার অধিকাংশ নারী পাচারের সময় বাংলাদেশী অথবা ভারতীয় সামীন্ত রক্ষীদের দ্বারা ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। এম এ মতিন বলেন, "শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশেই দারিদ্র্য, প্রথাগত জীবনযাত্রায় ব্যাঘাত, শিক্ষার অভাব, প্রাকৃতিক দুর্যোগ, নারীর দুর্বল সামাজিক অবস্থান এবং লৈঙ্গিক বৈষম্য মানব পাচারের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এছাড়া আইনের ফাঁক-ফোকর এবং মানব পাচার রোধ সংক্রান্ত আইনের দুর্বল প্রয়োগও এ ক্ষেত্রে অন্যতম কারণ।" অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারতের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। আর বাংলাদেশী পাচারকারীরা ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তবর্তী এলাকাগুলোতে ঘাঁটি গেঁড়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।" পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, "২০০০ সালের জানুয়ারি মাস থেকে ২০০৩ সালের জুন মাস পর্যন্ত ২৪০৫ জনের মতো বাংলাদেশী শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে কমপক্ষে ৫১০ জন ছেলে শিশু এবং ৪৫১ জন মেয়ে শিশু নিশ্চিত পাচার হয়েছে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী এবং টিএইচবি ইউনিটের প্রধান অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল জলিল। অনুষ্ঠানে মানব পাচার রোধে জনসচেতনতা তৈরিতে ব্যবহারের লক্ষ্যে একটি মিউজিক ভিডিও এবং দুটি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। মানব পাচার রোধে গঠিত পুলিশের বিশেষায়িত দলটি (টিএইচবি- ট্রাফিকিং ইন হিউমেন বিইং ইনভেস্টিগেশন ইউনিট ফর বাংলাদেশ পুলিশ) থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েনাসহ বেশ কয়েকটি দেশে প্রশিক্ষণ নিয়েছে। আপাতত সিআইডির প্রধান কার্যালয়ে ইউনিটের দপ্তর স্থাপন করা হয়েছে। বিভিন্ন আধুনিক সরঞ্জামও কেনা হয়েছে দলটির জন্য। ইউনিটের প্রধান আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানব পাচারের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। এখান থেকে ভারত ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে নারী ও শিশুদের পাচার করা হয়। এছাড়া প্রয়োজনীয় তথ্য প্রমাণের অভাবে মানব পাচারের অধিকাংশ মামলায় আসামিদের শাস্তি হয় না। বিশেষায়িত দলটি কাজ শুরু করলে আসামিদের পার পাওয়ার সুযোগ অনেক কমে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১৮১৫ ঘ.