ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি এক রোগীর আত্মীয়াকে ধর্ষণের অভিযোগে সোমবার এক আনসার সদস্য ও হাসপাতালের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। এতে মঞ্জুরুল ইসলাম নামের এক আনসার সদস্য, হাসপাতালের লিফটম্যান মজিবুর রহমান এবং হাসপাতালের এক অ্যাম্বুল্যান্স চালককে আসামি করা হয়েছে।
এদের মধ্যে মঞ্জুরুল ও মজিবুরকে সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি এক রোগীর আত্মীয়াকে রোববার গভীর রাতে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেনকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে শহীদুল ইসলাম জানান। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/০০১৮ ঘ.
bdnews24