জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'যৌন নিপীড়ন ও নিপীড়ন বিরোধী নীতিমালা' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় জাবি'র প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
জাবি সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা অনেকবার ঘটেছে। প্রতিবারই প্রতিবাদ করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিব্রতও হন। কিন্তু এর স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রস্তাবিত যৌন নিপীড়ন বিরোধী একটি নীতিমালা বাস্তবায়নের অপেক্ষায় ঝুলে আছে। প্রশাসন চাইলে শুধুমাত্র একটি সিণ্ডিকেট সভার মাধ্যমে তা অনুমোদন করতে পারে। আর তা করা হলে নিপীড়নের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।
১৯৯৮ সালে 'ধর্ষক বিরোধী' আন্দোলন থেকেই যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ণ ও বাস্তবায়নের দাবি ওঠে।
আলোচনা সভায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স স্টাডি বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, জাবি'র নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক হালিমা আক্তার রিবন, গবেষক পাভেল পার্থ ও অভিনেত্রী সামিনা লুৎফা নীত্রা বক্তব্য রাখেন।
ছাত্রী নিপীড়নের অভিযোগে জাবি'র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ছানোয়ার হোসেনের অপসারণের দাবিতে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে প্রীতিলতা হলের ছাত্রীরা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।
ওই বিভাগের চারজন ছাত্রী তার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক আচরণের অভিযোগ আনার পর বিভাগের শিক্ষার্থীরা ৩ মে থেকে অনিদিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন।
যৌন নিপীড়নের অভিযোগে জাবি'র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এই শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা রোববারও বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তারা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24