২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধসের ঝুঁকিতে পাহাড়ি অঞ্চল

যথেচ্ছ পাহাড় কাটা ও বন উজাড়ের পাশাপাশি অপরিকল্পিত বসতি বিস্তারের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পাহাড়ি এলাকায় বেড়ে চলেছে ব্যাপক ভূমিধসের ঝুঁকি। গত বছর ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে নিহত হয় অন্তত ১২৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর উদ্যোগ না নিলে সামনে 'চট্টগ্রাম ট্রাজেডি'র চেয়েও বড় মানবিক বিপর্যয় ঘটতে পারে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথেচ্ছ পাহাড় কাটা ও বন উজাড়ের পাশাপাশি অপরিকল্পিত বসতি বিস্তারের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পাহাড়ি এলাকায় বেড়ে চলেছে ব্যাপক ভূমিধসের ঝুঁকি। গত বছর ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে নিহত হয় অন্তত ১২৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর উদ্যোগ না নিলে সামনে 'চট্টগ্রাম ট্রাজেডি'র চেয়েও বড় মানবিক বিপর্যয় ঘটতে পারে। ভূতাত্ত্বিক, মৃত্তিকা বিশেষজ্ঞ, বন বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা বলছেন, সমগ্র পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ পাহাড় কাটা ও অপরিকল্পিত বসতি গড়ার হার বেড়ে চলেছে। এ কারণে কমে যাচ্ছে পাহাড়ের ঢালের স্থায়ীত্ব। সামান্য বৃষ্টিতেই পাহাড়ের উপরস্তর দ্রুত সমতলের দিকে ধেয়ে আসার আশঙ্কা তৈরি হয়েছে। ভূধসের পেছনে প্রাকৃতিক কিছু প্রাকৃতিক কারণ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মূলত মানবসৃষ্ট কারণেই পাহাড় ধসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের বিপর্যয়ের নাম 'ডেব্রিস ফ্লো' বা 'মাডফ্লো'। ভরা বর্ষায় পাহাড়ের কর্দমাক্ত ঢাল দুই থেকে চার কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে সমতলের দিকে। গত ৩৮ বছরে বাংলাদেশে পাহাড় ধসে অন্তত ২২৭ জনের মৃত্যু হয়। এরমধ্যে শুধু ২০০৩ ও ২০০৭ সালে মারা গেছে ১৯৩ জন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা ও ফেনীর ছোট-বড় পাহাড়গুলো সংরক্ষণে সমন্বিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, পাহাড়ের ঢালের স্থায়ীত্ব মান বের করে মানচিত্র প্রণয়ন জরুরি। এ কাজে ভূতত্ত্ববিদদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে। মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জালাল উদ্দিন মো. শোয়েব শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের মোট আয়তনের ১২ শতাংশ জুড়ে রয়েছে ১৪ জেলার পাহাড়ি এলাকা। সেখানে পাহাড় রক্ষায় পরিবেশ অধিদপ্তর, ভূমি প্রশাসন ও জেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সহনীয় পর্যায়ে পাহাড় কাটা যেতে পারে, তবে তা কেবল হতে পারে পরিকল্পিতভাবে উন্নয়নের স্বার্থেই।" অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আখতার জানান, জনবহুল এলাকায় মাডফ্লো হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। গতবছরে চট্টগ্রাম ট্রাজেডির উল্লেখ করে তিনি বলেন, "চট্টগ্রামের পাহাড়শ্রেণী এখন আরো ভয়ঙ্কর বিপর্যয়ের অপেক্ষা করছে। সীতাকুণ্ড পাহাড় শ্রেণীর দক্ষিণ প্রান্তে চট্টগ্রাম নগরী। এ নগরীর স্বল্প উচ্চতার পাহাড় থেকেও মাডফ্লো হতে পারে। আর পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের গড় উচ্চতা প্রায় ২০০ থেকে ২৫০ মিটার। নব্য পাললিক শিলায় গঠিত এসব পাহাড়ের বয়স ২০ থেকে ৩০ লাখ বছর। সেগুলো বালি ও কাদায় স্তরীভূত।" বিশেষজ্ঞদের আশঙ্কা, পাহাড় রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পাহাড় ক্ষয়ের মাটি জমে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প ও সমুদ্রবন্দর হুমকির মুখে পড়বে। অধ্যাপক হুমায়ুন আখতার জানান, ২০০৪ সালের ডিসেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছাকাছি একটি গ্রাম কর্দমাক্ত ঢলে তলিয়ে যায়। এতে চাপা পড়ে মারা যায় ছয় শতাধিক মানুষ। ১৯৯৭ সালে বান্দরবানের এক পাহাড়ের ৭০ হাজার বর্গমিটার এলাকাও এভাবে ধসে গিয়েছিল। তবে জনবসতি না থাকায় তখন হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় বা এর আশপাশে বসতি গড়ার ক্ষেত্রে সঠিক নীতিমালা তৈরির ওপর জোর দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভাষক ফাহিম আহমেদ শিশির বলেন, "পাহাড়ের প্রতিবেশ ঠিক রেখে সেখানে বসতি গড়া প্রয়োজন। পাহাড়ের পাদদেশে ৬ তলার চেয়ে বড় ভবন করা যায়। তবে পাহাড়ের কাঠামো মেনেই তা করতে হবে।" চট্টগ্রাম ও সিলেটের আদিবাসী জনগোষ্ঠী সঠিক পদ্ধতি অনুসরণের মাধ্যমেই বসতি করে বলে তারা এতোদিন দুর্যোগের শিকার হয়নি বলে জানান ফাহিম আহমেদ। এদিকে, চট্টগ্রামে গতবছরের ভুমিধসের প্রধান কারণ হিসেবে অনিয়ন্ত্রিত পাহাড় কাটাকে দায়ী করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. কামাল হোসাইন। তিনি বলেন "গত তিন দশকে পাহাড় কাটা ভয়াবহ আকার ধারণ করেছে। পাহাড়ের মাটি বিক্রি, ভূমি দখলসহ বিভিন্ন মহলের অপরিকল্পিত কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে পাহাড়।" এ বিষয়ে প্রশ্ন করা হলে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিপ্তরের পরিচালক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাহাড় কাটার বিরুদ্ধে স্থায়ী বিধিনিষেধ আরোপের জন্য এ সংক্রান্ত আইন সংশোধন করতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।" মোবাইল কোর্ট পরিচালনা পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখে দাবি করে তিনি বলেন, "বিচারবিভাগ আলাদা হওয়ার পর জারি করা মোবাইল কোর্ট অধ্যাদেশে পরিবেশ সংরক্ষণ আইনের বিষয়টি সংযুক্ত হয়নি। এতে আমরা সমস্যার মুখে পড়ছি। পরিবেশ অধিদপ্তর আশা করে, শিগগিরই সরকার মোবাইল কোর্ট অধ্যাদেশে পরিবেশ সংরক্ষণের বিষয়টি যুক্ত করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৮০৫ঘ.