যশোর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো উপলক্ষে যশোরে সোমবার মেলা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই মেলায় কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বেলা সাড়ে ১১টায় ডাক ও টেলিযোগাযোগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের সর্বস্তরের জনগণকে ইন্টারনেট সার্ভিসের আওতায় আনতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। তথ্য প্রযুক্তির সেবা ছড়িয়ে দিতে সরকার ইতোমধ্যে ব্রডব্যান্ড সার্ভিস সহজলভ্য করেছে।
বিশেষ সহকারী বলেন, দেশের পর্যটন শিল্পসহ সকল সম্ভাবনাময় খাতের উন্নয়নে সরকার চলতি বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছে।
সমাজ থেকে দুর্নীতি রোধে জনগণকে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানান।
দুর্নীতি রোধে এই রোড শো বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন এম এ মালেক।
যশোরের জেলা প্রশাসক আবুয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার ইকবাল বাহার, যৌথবাহিনীর মেজর রেজা, র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর সরোয়ার প্রমুখ।
রোববার রোড শো'র গাড়িবহর যশোর আসে। এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহীসহ আরও কয়েকটি জেলা ঘুরেছে গাড়িবহর। ৩০ মে শুরু হওয়া এ রোড শো'র গাড়িবহর কক্সবাজারের টেকনাফ ঘুরে ঢাকায় ফিরবে ১৪ জুলাই।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে।
সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়া, খাদ্য সমস্যার সমাধান, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে এ রোড শো'র আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24