ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দোকানের কর্মচারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবাজার হকার্স মার্কেট এলাকায় বিক্ষোভ করেছে অন্য কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ মালিকের নির্যাতনে কর্মচারী রানার মৃত্যু হয়েছে।
এস কে ট্রেডার্সের মালিক কালামের নির্যাতনে রানা মারা গেছেন- অভিযোগে বঙ্গবাজারের দোকান কর্মচারীরা বেলা ১১টার দিকে দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়ে। তারা কালামের গ্রেপ্তার ও বিচার দাবি করে।
এলাকার এনেক্সকো টাওয়ার, বঙ্গ ইসলামিয়া মার্কেটসহ আশেপাশের সব মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সেখানকার কর্মচারীরাও বিক্ষোভে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত বঙ্গবাজারসহ ওই এলাকার কোনো মার্কেট খোলেনি।
বিক্ষোভের সময় আশেপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় দু'পক্ষের মধ্যে কিছুটা ধাওয়া-পাল্টা হয়। এরপরই সড়কে যান চলাচল শুরু হয়।
রানার বড় ভাই আফসার আলী সরকার জানান, রোববার রাত ১১টার দিকে ছোট ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি লালবাগের বাসায় ছুটে আসেন। সেখানে পৌঁছে দেখেন রানা মারা গেছে।
আফসার জানান, রানার স্ত্রী তাকে বলেছে- রাত সাড় ৮টার দিকে বাসায় ফিরে রানা অসুস্থবোধ করে এবং বমি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানায়।
সোমবার সকালে রানার মৃত্যুর খবর দোকান মালিককে দিতে এসে তিনি দোকান বন্ধ দেখতে পান। আশপাশের দোকান কর্মচারীদের কাছে খোঁজ নিলে জানতে পারেন আগের রাতে তার ভাইকে নির্যাতন করা হয়েছে।
প্রায় সাত দিন ছুটি কাটিয়ে রানা রোববার কাজে যোগ দিয়েছিলেন। কেন তাকে নির্যাতন করা হয় সেটি এখনো পরিষ্কার নয়।
তবে আফসার জানান, রানার স্ত্রী তাকে বলেছে, কিছুদিন আগে মালিকের কাছে থেকে বেতনের টাকা অগ্রিম নিয়েছিল রানা। এরপর মালিক কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে টাকা ফেরত চায়। এরপর রানার স্ত্রী দোকান মালিকের কাছে ফোন করে টাকা ফেরত দেয়ার জন্য স্বামীকে কিছুদিন কাজে রাখান অনুরোধ করে।
বঙ্গবাজার হকার্স মার্কেটের 'রুমি শাড়ি' দোকানের কর্মচারী আবুল কালাম বলেন, রানা খুবই ভালো ছেলে ছিল। তাকে কেন মারা হয়েছিল আমরা নিশ্চিত নই। গতরাতে খোঁজ নিয়ে জানতে পারি তাকে মারধর করা হয়েছে। রাতে রানার বাসায় গিয়েও ওর শরীরে মারধরের চিহ্ন দেখতে পাই।
ইতোমধ্যে রানার লাশ আজিমপুর গোরস্থান দাফন করা হয়েছে।
এদিকে দোকান কর্মচারীদের বিক্ষোভের কারণে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে চানখাঁরপুল, অন্যদিকে সরকারি কর্মচারী হাসপাতাল মোড় থেকে গুলিস্থান পর্যন্ত রাস্তায় যান চলাচল প্রায় চার ঘন্টা বন্ধ থাকে।
সন্ধ্যায় শাহবাগ থানার উপপরিদর্শক মো. কাউয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানার মৃত্যুর ঘটনায় তার ভাই আফসার বাদি হয়ে মামলা করেছেন। মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯৪৯ ঘ.
bdnews24