চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় একটি সন্ত্রাসী দলের আস্তানা থেকে রোববার গভীর রাতে ৮০ রাউন্ড গুলিসহ একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় জি-৩ রাইফেল উদ্ধার করেছে র্যাব।
এছাড়া রাঙ্গুনীয়া থেকে গুলিসহ একটি স্টেনগানও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে এর আগে এম-১৬, একে-৪৭ এর মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হলেও জি-৩ উদ্ধারের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটার দিকে র্যাব সদস্যরা হাটহাজারী উপজেলার মির্জাপুরের সৈয়দপাড়ায় সন্ত্রাসীদের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালানোর সময় এ রাইফেল ও গুলি ফেলে যায়।
তিনি জানান, একই রাতে একটি স্টেনগান উদ্ধার করা হয়েছে রাঙ্গুনীয়া উপজেলার মহাজন বটতলা এলাকা থেকে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি ম্যাগজিনসহ চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
হাসিনুর রহমান জানান, উত্তর চট্টগ্রামের সন্ত্রাসী গ্র"পগুলোর কাছে এ ধরনের আরও অস্ত্র রয়েছে। পর্যায়ক্রমে সুনির্দিষ্ট তথ্য জোগাড় করে সেগুলো উদ্ধারে অভিযান চলবে।
অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/১৫৩৭ ঘ.
bdnews24