ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য অনুমোদিত উপজেলা পরিষদ অধ্যাদেশের আদলে একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস- চেয়ারম্যানের পদের বিধান রেখে জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন আইন অনুযায়ী মনোনয়নের মাধ্যমে না হয়ে সরাসরি ভোটে জেলা পরিষদ প্রতিনিধি নির্বাচিত হবেন।
এছাড়াও বেশ কিছু সংশোধনীসহ জেলা পরিষদ অধ্যাদেশ ও ইউনিয়ন পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে সোমবার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "ইতোমধ্যেই উপজেলা পরিষদ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ও জেলা পরিষদ অধ্যাদেশও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।"
তিনি জানান, উপজেলা পরিষদ অধ্যাদেশে চেয়ারম্যানের পাশাপাশি দুইজন ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিধান রাখা হয়েছে। এদের মধ্যে একজন হবেন মহিলা। জেলা পরিষদের ক্ষেত্রেও একই বিধান রাখা হয়েছে তবে এক্ষেত্রে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হবে।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "উপজেলা পরিষদ আইনে আগে স্থানীয় সাংসদদের উপদেষ্টা মনোনয়নের যে বিধান ছিল, তা বাদ দেয়া হয়েছে। ফলে এক্ষেত্রে আর কোন প্রতিবন্ধকতা থাকবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।"
নির্বাচন কমিশন সুবিধা মতো সময়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে তিনি জানান।
এছাড়াও সরকার শিগগিরই স্থানীয় সরকার কমিশন গঠন করছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে উপদেষ্টা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৫১০ ঘ.
bdnews24