২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে নাইকো মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য শেষ করেছে। আগামী ২২ জুন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য শেষ করেছে। আগামী ২২ জুন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেবেন। সোমবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন এ বি এম শরফুদ্দিন খান মুকুল ও সৈয়দ শামীম আহসান হাবিব। শুনানিতে অংশ নিয়ে তারা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপন করেন। আদালতকে তারা জানান, এই মামলা প্রমাণ করার মতো তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হলে আসামিদের বিরদ্ধে তারা অভিযোগ প্রমাণ করতে পারবে। শেখ হাসিনার পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, "আমাদের জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ উপস্থিত না থাকায় আজকে আমরা শুনানিতে অংশ নিতে পারবো না। পরবর্তী তারিখে এ মামলার অন্যতম আসামি শেখ হাসিনাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হবে।" এরপর বিচারক আগামী ২২ জুন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। বিদেশে চিকিৎসার জন্য মুক্তি পাওয়া হাসিনার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন সোমবার আদালতে হাজিরা দেন। এর আগে গত ৫ জুন ও ১০ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় এবং আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির দিন দুই বার পিছিয়ে সোমবার (আজ) দিন ধার্য করেন। এ মামলার আসামিদের মধ্যে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১১৫০ ঘ.