২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় আদালতে খালেদা

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার সকালে সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছে। (বিস্তারিত আসছে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার সকালে সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছে। (বিস্তারিত আসছে)। এ সময় মামলার অপর আসামি খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ অন্যদেরও আদালতে হাজির করা হয়। সকাল পৌণে ১১টায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন কোকোকে অ্যাম্বুলেন্সে করে বিশেষ আদালত-৩ এ আনা হয়। ১০ জুন আদালত সোমবার (আজ) অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। গত ২ সেপ্টেম্বর রাত ১১ টায় তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পর যৌথবাহিনী খালেদা জিয়া ও তার ছোট ছেলেকে গ্রেপ্তার করে। গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন। বাকি আসামি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামি পলাতক রয়েছেন। মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক গত ২৮ মে মামলার নথিপত্র বিচারের জন্য বিশেষ আদালত-৩ এ পাঠান। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত প্রয়াত আকবরকে মামলা থেকে অব্যাহতি দিলে আসামির সংখ্যা ২৪ জনে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১০৫০ ঘ.