সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সাগরদীঘির পার এলাকায় শনিবার জমি দখল করতে গিয়ে র্যাবের হাতে প্রেপ্তার হয়েছেন দক্ষিণ সুরমা থানা জামায়াত আমির আবদুল মুতালিব ওরফে দুদু মিয়া (৫৪)। এ ঘটনায় আরো ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। পুলিশ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
কোতয়ালী থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আকিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমির আবদুল মুতালিব ওরফে দুদু মিয়া লোকজন নিয়ে সাগরদীঘির পার এলাকায় এক লন্ডন প্রবাসীর জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে র্যাব-৯ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের ২২ জনকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যায়।
শনিবার গভীর রাতে সিলেট কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করে ওই ২২ জনকে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বাকি ২১ জন হলেন- আম্বরখানা বড়বাজার এলাকার আজিজ উদ্দিনের ছেলে সাব্বির আহমদ (৩০), আবদুল হান্নানের ছেলে ইমরান জাকির, কলবাখানি চাষনীপীর এলাকার জহুর আলীর ছেলে মাশুক আহমদ (৩৮), দক্ষিণ সুরমার ভালকী গ্রামের ছোয়াব আলীর ছেলে মজিদ আহমদ (২০), বিশ্বনাথের সলসীপুর এলাকার লিলু মিয়ার ছেলে নুরুল ইসলাম (২২), একই গ্রামের কলমদর আলীর ছেলে তাজুল ইসলাম (১৮), রুস্তুম আলীর ছেলে হযরত আলী (১৮), নিজগাও গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে আবু মিয়া (২৫), একই উপজেলার গোদাঘাটি এলাকার আবদুল মন্তাজের ছেলে আবদুল আহাদ (১৮), লালাবাজারের গাজীউর রহমানের ছেলে শাহাজাহান (২২), আশু মিয়ার ছেলে মানিক মিয়া (২০), দুদু মিয়ার ছেলে মহরম আলী (২৮), ছুরত আলীর ছেলে আফজাল মোহাম্মদ (২২), শায়েস্তাগঞ্জের নিশপাট এলাকার মর্তুজ আলীর ছেলে শাহীন মিয়া (১৮), লালাবাজারের মধু খানের ছেলে দিপু মিয়া (১৮), কুলাউড়া উপজেলার মালপুর গ্রামের মখই মিয়ার ছেলে উসমান আলী (৩০), হবিগঞ্জের সৈয়দপুর এলাকার আজিজ উল্লার ছেলে শুকুর মিয়া (৬৫), নগরীর মুন্সিপাড়া এলাকার করিম মিয়ার ছেলে সোহেল (২০), লালাবাজারের মনতাই মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল আলীর ছেলে বাদশা মিয়া (১৮), বি বাড়ীয়া জেলার রইছ মিয়ার ছেলে রমজান মিয়া (২৮) ও নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার আড়াইকান্দি গ্রামের শশী মোহন দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাস (৫০)।
সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল খালিক জানান, "ওই জমির মালিক যুক্তরাজ্যে থাকেন। জামায়াত নেতা দুদু মিয়া দলিল জাল করে ওই জায়গার দখল নেয়া চেষ্টা করছিলেন।"
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫০ ঘ.
bdnews24