২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ: ঢাকার বাইরে শুনানি ১৯ জুন শুরু

সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ঢাকা বিভাগের আপত্তি আবেদনের শুনানি রোববার শেষ হয়েছে। আগামী ১৯ জুন থেকে পাঁচ বিভাগ থেকে পাওয়া আবেদনের শুনানি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে ঢাকা বিভাগের আপত্তি আবেদনের শুনানি রোববার শেষ হয়েছে। আগামী ১৯ জুন থেকে পাঁচ বিভাগ থেকে পাওয়া আবেদনের শুনানি শুরু হবে। রোববার ঢাকা বিভাগের আবেদনের শুনানির তৃতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শাসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব আসনের শুনানি শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে। রোববার গাজীপুর- ৩, ৪, ৫, নরসিংদী-১, ৩, নারায়ণগঞ্জ-২, ৩, ঢাকা-১১, ১৮, ২০ আসনের আপত্তি আবেদনের শুনানি হয়। আবেদনকারীরা দাবি করেন, ২০০১ সালের আদমশুমারি প্রতিবেদন ২০০৭ এ প্রকাশিত হওয়ায় এই রিপোর্টে জনসংখ্যার ভারসাম্য রক্ষা হয়নি; এজন্য ভোটার সমতা রেখে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করা উচিত। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের আপত্তি আবেদনের ওপর শুনানি শুরু হয়। প্রথম দিনে টাঙ্গাইল- ৫, ৬, কিশোরগঞ্জ-১, ২, ফরিদপুর- ২, ৩, ৪ ও শরীয়তপুর- ২ আসন থেকে পাওয়া আপত্তির শুনানি হয়। দ্বিতীয় দিনে হয় মানিকগঞ্জ- ১, ২, ৩ আসন, জামালপুর-৩, ৪, নেত্রকোণা- ১, ৪, ৫, ময়মনসিংহ- ৩, ৪, ঢাকা- ১, ২, ৪ ও ১০ আসনের আপত্তি আবেদনের ওপর শুনানি। নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ জুন সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগের আপত্তি আবেদনের শুনানি হবে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ জুন, চট্টগ্রাম সার্কিট হাউজে ২৩ জুন, বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ জুন, খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুন এবং রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ জুন শুনানির দিন ধার্য রয়েছে। আপত্তি আবেদন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ৬টি বিভাগের ৯৫টি আসন থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে ঢাকা বিভাগে ৩৮টি, চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ১৩টি, বরিশালে ৯টি, সিলেটে ৭টি ও খুলনার ৬টি আসন থেকে আপত্তি আবেদন জমা পড়েছে। গত ২৯ এপ্রিল নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/২১০৭ ঘ.