সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক বৈষম্য দূরে করে সিলেটের চা শিল্প, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে।
রোববার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে 'বাজেট পরবর্তী আঞ্চলিক পর্যালোচনা' শীর্ষক এক সেমিনারের বক্তারা বলেন, ঘোষিত জাতীয় বাজেটে আঞ্চলিক বৈষম্য রয়েছে। এবারের বাজেটে দেশের অন্যান্য অঞ্চলের বিশেষ বরাদ্দের চেয়ে সিলেট অঞ্চলের বরাদ্দ অনেক কম।
সুশাসনের জন্য প্রচারিভিযান (সুপ্র) ও উন্নয়ন সংস্থা আইডিয়া আয়োজিত সেমিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর জেলা সম্পাদক লোকমান আহমদ বলেন, "সিলেটের চা, মৎস্য, প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সিলেটকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে।"
উন্নয়নকর্মী সৌমিক শহীদ আজাদ বলেন, "জাতীয় বাজেটে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বিশেষ বরাদ্দের ক্ষেত্রে সিলেট অঞ্চলকে ৩৫ শতাংশ কম দেওয়া হয়েছে।"
আঞ্চলিক বৈষম্য দূর করে জাতীয় বাজেট বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন তিনি।
চা শ্রমিক জুয়েল বিশ্বাস বলেন, দৈনিক ৩০ টাকা মজুরিতে তাদের জীবন চলে না। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে তাদের করুণ অবস্থা।
আইডিয়ার সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন- গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার আরশ আলী, অধ্যাপক আমিনুল হক চুন্নু, সুপ্র কর্মকর্তা মমিনুল হোসেন সোহেল, মো. ইকবাল উদ্দিন, নির্মল ভট্রাচার্য প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24