ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় হাঁফিয়ে উঠছে মানুষ।
আবহাওয়া অধিদপ্তর রোববার জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আকাশে মেঘের পরিমাণ কম। বাতাসেও আর্দ্রতার পরিমাণ বেশি। এ কারণে গরম অনুভূত হচ্ছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লঘুচাপটি স্থলভাগে না আসা পর্যন্ত গরম লাগবে। স্থলভাগে এলে বৃষ্টি হবে। তখন গরম কমে আসবে।"
এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বলে তিনি জানান।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ, সন্ধ্যা ৬টায় ৫৬ শতাংশ।
রোববার বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24